প্রেম করায় মেয়েকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ার বাগৃহাল গ্রামের তরুণী রেহানা বেগমকে ঘুমন্ত অবস্থায় তার বাবা আছকর আলী গলা কেটে হত্যা করেন। পরে ব্লেড দিয়ে নিজ শরীরের বিভিন্ন অংশ জখম করে হত্যার দায় প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা চালান। তাঁর অমতে প্রেম করায় তিনি মেয়েকে হত্যা করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আছকর গত সোমবার বিকেলে মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৫ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানান। এ ব্যাপারে তরুণীর মা শাহানা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা করেছেন। আছকরকে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রেহানার (১৭) সঙ্গে পাশের আশ্রয়গ্রামের বাসিন্দা লাল মিয়ার (২৫) প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় রেহানার বাবা আছকর তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে লালের বিরুদ্ধে তিন-চার মাস আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি রেহানাকে বিয়ের প্রস্তাব দেন লাল মিয়া। কিন্তু উভয় পরিবারের তাতে সম্মতি ছিল না। তবে লাল ও রেহানার মধ্যে প্রায়ই মুঠোফোনে কথা হতো।

মামলা সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার বিকেলে রেহানার মা শাহানা ছোট মেয়ে রোকসানাকে (৪) নিয়ে পাশের হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। পরদিন বিকেলে বড় ছেলে আয়াত আলী (২০) তাঁদের আনতে কটারকোনায় চলে যান। ঘরে শুধু আছকর ও রেহানা ছিলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকালের দিকে পুলিশ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় রেহানার লাশ উদ্ধার করেন।

রেহানার লাশ উদ্ধারের সময় আছকর পুলিশের কাছে দাবি করেন, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে লাল মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন তরুণ ঘরে ঢুকে রেহানাকে অপহরণের চেষ্টা চালান। বাধা দেওয়ায় তাঁরা আছকর ও রেহানাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। রেহানা মারা গেলে তাঁরা চলে যান। এ ঘটনায় গত রোববার বিকেলে তাঁর স্ত্রী শাহানা লাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় গত সোমবার বলেন, আচরণ সন্দেহজনক হওয়ায় রোববার রাতে আছকরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশের কাছে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকেলে আছকরকে আদালতে পাঠানো হয়।

আছকরের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পরিদর্শক বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের ব্যাপারে দুই পরিবারের অমতের কথা জেনেও রেহানা ও লাল সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে আছকর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে তিনি ধারালো ছুরি দিয়ে গলা কেটে রেহানাকে হত্যা করেন।

মুঠোফোনে যোগাযোগ করলে রেহানার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার সত্যতা নিশ্চিত করে লাল মিয়া বলেন, তিনি চার দিন ধরে গাজীপুরে। হত্যাকাণ্ডের ঘটনা ও ফাঁসানোর কথা শুনে তিনি বিস্মিত হয়ে পড়েন।

গত সোমবার প্রথম আলোয় ‘কুলাউড়ায় তরুণীকে কুপিয়ে হত্যা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।