প্রেম করে বিয়ে, জোর করে তালাক, মেয়ের মৃত্যু
প্রেম করে বিয়ে করার পর সালিস বৈঠকের মাধ্যমে ছেলের কাছ থেকে মেয়েকে নিয়ে আসার পর বাবার বাড়িতে গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মেয়েকে বেঁধে রেখে তাঁকে জোর করে তালাকনামায় স্বাক্ষর করানো হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার জানায়, ওই গ্রামের সমেশ আলীর ছেলে রূপ মিয়ার (২৪) সঙ্গে প্রেমানন্দ নমদাসের কন্যা বাসনা রানী নমদাসের (১৮) প্রেম হয়। পরে গত ২২ জুন তাঁরা পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় ২৬ জুন মেয়ের বড় ভাই অমূল্য নমদাস (৪০) তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে গত সোমবার এ ব্যাপারে স্থানীয় মাতাব্বর প্রদীপ চক্রবর্তীর নেত্বত্বে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে বানিহালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত উপস্থিত ছিলেন। সালিসে বাসনা প্রথমে তাঁর বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে যেতে রাজি হননি। পরে বৈঠকে মেয়েকে রাজি করিয়ে বড় ভাইয়ের সঙ্গে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিবেশী লোকজন জানান, বাড়িতে মেয়েটিকে একটি টিনের চালাঘরে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এমনকি রাতে ঘরের দরজায় তালা দিয়ে রাখত তাঁর পরিবার। এতে মেয়েটি রাগে ও ক্ষোভে ঠিকমতো খাওয়াদাওয়া করতেন না। গত বৃহস্পতিবার মেয়ের পরিবারের সদস্যরা বাসনাকে একটি তালাকনামায় স্বাক্ষর করতে বললে তাতে মেয়েটি রাজি হননি। পরে একপর্যায়ে তিনি রাজি হন। গতকাল মেয়েটি হঠাৎ তাঁর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। অবশেষে তিনি মারা যান।
অমূল্য নমদাস বলেন, বৈঠকের পর বাসনাকে ঘরে এনে কয়েক ঘণ্টা রশি দিয়ে বেঁধে রাখলেও পরে খুলে দেওয়া হয়। বাসনা তালাকনামায় স্বাক্ষর করতে প্রথমে রাজি না হলেও পরে রাজি হন।
ছেলের মা মোমেনা খাতুন বলেন, ‘গত সোমবার এক সালিস বৈঠকে আমার ছেলের কাছ থেকে তাঁরা মেয়েকে নিয়ে যান। এটুকুই আমরা জানি।’ আবুল হাসনাত বলেন, ‘আমরা সালিস করে মেয়েকে তাঁর বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়েছি। প্রথমে মেয়েটি রাজি না হলেও পরে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যেতে রাজি হন। শুনেছি, মেয়েটিকে ঘরে প্রায়ই তালাবদ্ধ করে রাখত তাঁর পরিবার।’
তারাকান্দা থানার এসআই এয়াকুব আলী জানান, বাসনার ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।