প্রেম মানে না সীমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বাড়ি বাংলাদেশে। মেয়ের ভারতে। মুঠোফোনে প্রেম। সেই প্রেমের টানে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ছুটে এসেছিলেন প্রেমিকা। কিন্তু তাতে বাদ সেধেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুটি বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।জানা যায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাদানগর গ্রামের একটি ছেলের (২৮) সঙ্গে মুঠোফোনে প্রেম হয় তাঁরই মামাতো বোনের (২৩)। মেয়ের বাড়ি ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থানার লাঠিগুড়া গ্রামে। প্রেমের টানে মেয়েটি গত শুক্রবার সকালে সীমান্ত অতিক্রম করে প্রেমিকের বাড়িতে আসেন।জানা গেছে, এই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। তাই তারা মেয়েকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে বিএসএফের সহযোগিতা চায়। বিষয়টি নিয়ে বিএসএফ রোববার দুপুরে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত ফাঁড়িতে বিজিবির সঙ্গে জরুরি পতাকা বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিজিবির সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন।এদিকে বিজিবির এই সিদ্ধান্তের কথা জেনে প্রেমিকের পরিবার ও আত্মীয়স্বজন তড়িঘড়ি করে বিকেলের মধ্যে প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন করার উদ্যোগ নেন। কিন্তু বিয়ের আগেই বিজিবির সদস্যরা প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির। এ সময় গ্রামবাসী ও বিজিবির সদস্যদের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিজিবির সদস্যরা মেয়েটিকে আটক করে সন্ধ্যার দিকে বিএসএফের কাছে হস্তান্তর করেন।বিজিবির চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার সাদেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় নাগরিক ওই মেয়েটি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাকে আটক করে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।’যোগাযোগ করা হলে প্রেমিকের বাবা বলেন, তাঁর ছেলে কাউকে অপহরণ করেননি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বিশ্বাস করেন, পারিবারিকভাবে সুরাহা করেই তিনি মেয়েটিকে ছেলের বউ করে ঘরে আনতে পারবেন।