
বাংলাদেশের জন্য ২০১৬ সালটা ছিল জঙ্গি হামলার বছর। লেখক-প্রকাশকদের বেছে বেছে হত্যা থেকে শুরু করে গুলশানে রেস্তোরাঁয় হামলার মতো নির্বিচার হত্যার ঘটনা ঘটেছে। সেই তুলনায় ২০১৭ সালটাকে বলা যায় জঙ্গি দমনের বছর। বছরের প্রথম অভিযান ছিল সীতাকুণ্ডের প্রেমতলায়, আর শেষ ছিল চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের পদ্মার চরে।
পুলিশ বলছে, জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতা ছিল এ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। ঢাকায় এ বছর দুটি আত্মঘাতী জঙ্গি হামলা চালায় জঙ্গিরা। এতে দুই হামলাকারী নিহত হয়, অন্য কেউ হতাহত হয়নি। এ ছাড়া জঙ্গি অভিযান চলাকালীন ধরা না দিয়ে ঘরের ভেতরে বোমা ফাটিয়ে এরা সপরিবারে নিহত হয়েছে।
আত্মঘাতী হামলার বাইরে সিলেটে আতিয়া মহল নামে একটি আবাসিক ভবনে অভিযানের সময় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে জঙ্গিদের ফেলে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন র্যাব-পুলিশের দুই কর্মকর্তাসহ ছয়জন। আর রাজশাহীতে জঙ্গিবিরোধী অভিযানের সময় ফায়ার সার্ভিসের এক সদস্যকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ বছর বেশ কয়েকটি বড় মাপের জঙ্গি হামলা ঠেকানোর দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মূলত গত বছরের ১ জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা বাহিনীগুলোর জঙ্গিবিরোধী অভিযান জোরদার হয়। গত বছরের জুলাই থেকে ১১টি জঙ্গিবিরোধী অভিযান ও বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয় ৪০ জন। তবে গত বছর ও এ বছর মিলিয়ে যত অভিযান হয়েছে, তাতে নিহত সন্দেহভাজন জঙ্গিদের প্রায় সবাই ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী নব্য জেএমবির সদস্য। আল–কায়েদার অনুসারী আরেক জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের বিরুদ্ধে এ সময়ের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো অভিযান চালানো হয়নি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, হোলি আর্টিজানে হামলা চালিয়েছিল নব্য জেএমবির সদস্যরা। এ কারণে ওই হামলার পর তাদের ঘিরেই গোয়েন্দা তৎপরতা চালানোর দিকে জোর দেওয়া হয়।
কর্মকর্তারা বলেন, চলতি বছরের শুরু থেকে কয়েক মাস জঙ্গি অভিযানের ধারা একটু ধীর হয়। ৮ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি বাস থেকে পুলিশ ইমতিয়াজ ও হাসান নামে দুজনকে কয়েকটি শক্তিশালী বোমাসহ গ্রেপ্তার করে। এর পরপরই ওই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারে পরপর পাঁচটি বড় জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানগুলোতে ১৯ জন নিহত হয়। ১৬ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত ৭০ দিনের মধ্যে ১২টি জঙ্গিবিরোধী অভিযান চলে।
এসব অভিযানের মধ্যেই ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র্যাব সদর দপ্তরের ব্যারাকে ঢুকে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। তবে এতে কেউ হতাহত হয়নি। এর সাত দিন পরই ২৪ মার্চ ওই ব্যারাক থেকে আধা কিলোমিটার দূরে বিমানবন্দরের গোলচত্বরে আরেকটি আত্মঘাতী হামলায় এক হামলাকারী নিহত হয়।
এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত আতিয়া মহল নামে একটি বহুতল ভবনে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। ২৪ মার্চ সকাল থেকে পুলিশ ভবনটি ঘিরে রেখে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে ১১১ ঘণ্টার অভিযান চালায় সেনাবাহিনীর কমান্ডোরা। ওই অভিযানে এক নারীসহ চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। আতিয়া মহলের অভিযানের মধ্যে ২৫ মার্চ সন্ধ্যায় অভিযানস্থলের কাছে দুই বিস্ফোরণে র্যাবের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুজন পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ উৎসুক জনতার একাংশ। আতিয়া মহলের অভিযান শেষ হতে না হতেই মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাটে অভিযান চালানো হয়।
এ বছর জঙ্গি অভিযানগুলোর আরেকটি লক্ষণীয় বিষয় হলো বেশির ভাগ অভিযানই হয়েছে ঢাকার বাইরে। এর কারণ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, তাঁদের ক্রমাগত তৎপরতায় রাজধানীছাড়া হতে হয়েছে জঙ্গিদের।
এর মধ্যেই গত সেপ্টেম্বর মাসে রাজধানীর দারুস সালাম এলাকায় একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় র্যাব। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, ওই বাড়িতে অবস্থানরত জঙ্গি আবদুল্লাহ ওরফে কবুতর আবদুল্লাহ আত্মসমর্পণের কথা বলে শেষ পর্যন্তু দুই স্ত্রী, দুই শিশুসন্তানসহ আত্মঘাতী হয়েছে। অভিযান শেষে ওই বাড়ি থেকে সাতটি দেহাবশেষ উদ্ধার করা হয়।
জঙ্গিবাদবিষয়ক গবেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রিসার্চ ফেলো শাফকাত মুনির প্রথম আলোকে বলেন, দেশে বর্তমানে জঙ্গিবাদের হুমকি অনেকটাই ব্যাপক। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে তা বর্তমানে কিছুটা প্রশমিত হয়েছে। তবে সব সময় সচেষ্ট থাকতে হবে, যাতে তারা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।