প্রেমতলায় আতঙ্কের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায় মুদি দোকান রয়েছে অশোক চক্রবর্তীর। গত বুধবার বিকেলে তিনি খবর পান, তাঁর দোকান থেকে ৫০০ গজ দক্ষিণ দিকে একটি দোতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যাচ্ছে। দোকানের কাছেই তাঁর বাড়ি। ভয়ে বাড়ি ফিরে যান তিনি।
সারা রাত ঘুমাতে পারেননি অশোক চক্রবর্তী। কৌতূহলে বারবার জানালা দিয়ে উঁকি দিয়ে বোঝার চেষ্টা করেন বাইরে কী হচ্ছে। তাঁর বাসার সামনেও অবস্থান নেন পুলিশ সদস্যরা। গুলি ও বিস্ফোরণের শব্দে তিনি ভয় পেলেও স্ত্রী ও সন্তানদের আতঙ্ক দূর করার চেষ্টা করেছেন।
শুধু অশোক একা নন, প্রেমতলা এলাকার ‘ছায়ানীড়’ বাড়ির আশপাশের বিভিন্ন বাড়িতে থাকা প্রায় ৫০০ পরিবার গত দুই দিন চরম উৎকণ্ঠায় কাটিয়েছে।
অশোক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে বাড়িভাড়া দিতে সবাইকে সতর্ক হতে হবে। নইলে বড় ধরনের বিপদ ঘটতে পারে।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিযান কখন শেষ হবে, তা দেখে যাওয়ার জন্য তিনিও রাতে বাসায় যাননি। স্থানীয় লোকজন তাঁর কাছে ফোন করে জানতে চেয়েছেন সর্বশেষ অবস্থা। সবাই ছিলেন উৎকণ্ঠায়।