বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের এক ছাত্রী খুন হয়েছেন। বগুড়া শহরতলির বনানী এলাকায় পর্যটন করপোরেশনের মোটেলের একটি কক্ষ থেকে গতকাল শনিবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস জানান, খুন হওয়া ওই ছাত্রীর নাম কণা (২০)। তিনি বেগম রোকেয়া হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। পুলিশের ধারণা, প্রেমের ফাঁদে ফেলে কণাকে মোটেলে এনে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছেন তাঁর প্রেমিক।
মোটেলের ব্যবস্থাপক শাহ এস এম মিজানুর রহমান জানান, গত শুক্রবার বেলা তিনটার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন তরুণ-তরুণী মোটেলের ২০৭ নম্বর কক্ষে ওঠেন। মোটেলের রেজিস্টার খাতায় তরুণ নিজেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের এনামুল হক এবং তরুণীর নাম রুমা আখতার লেখেন।
মোটেলের কর্মচারী আশরাফুল ইসলাম জানান, শনিবার বেলা দেড়টা পর্যন্ত ডাকাডাকি করেও তালাবদ্ধ ওই কক্ষ থেকে সাড়া না পাওয়ায় তাঁদের সন্দেহ হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে হোটেলের বিছানায় পড়ে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তরুণীর ব্যাগে পাওয়া ছবিসহ একটি প্রবেশপত্রে তাঁর নাম কণা আখতার লেখা আছে। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বেরুয়াহাটি গ্রামের কলিমদ্দিনের মেয়ে।
কণার কয়েকজন বান্ধবী জানান, কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের জাকারিয়া নামের এক ছাত্রের সঙ্গে কণার প্রেমের সম্পর্ক ছিল। জাকারিয়ার বাড়িও ধুনট এলাকায়। তিনি প্রায়ই হলের ফটকে এসে কণার সঙ্গে দেখা করতেন। প্রায়ই জাকারিয়ার সঙ্গে বেড়াতে যেতেন কণা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে প্রেমিক জাকারিয়ার সম্পৃক্ততার ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। জাকারিয়াকে আটক করতে পারলেই এ হত্যাকাণ্ডের জট খুলে যাবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কণার লাশ নিতে আসা প্রতিবেশী ও বেরুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর কুতুব-উল-আলম জানান, কণা গত শুক্রবার হলের উদ্দেশে বাড়ি থেকে বগুড়ায় আসেন।