প্রেমিকার বাড়ি থেকে তরুণের লাশ উদ্ধার
বগুড়া শহরের মালতিনগর নতুনপাড়া এলাকার এক বাড়ি থেকে রনি আহমেদ পাইকার (২৬) নামের এক তরুণের লাশ গতকাল বুধবার সকালে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর প্রেমিকাকে (৩২) আটক করেছে পুলিশ।
রনি শহরের রহমাননগর পুরাতন কাজীখানা এলাকার টুকু পাইকারের ছেলে।
এলাকাবাসী অনেকে জানান, পুলিশের হাতে আটক বিবাহিত ওই নারীর সঙ্গে রনির প্রেমের সম্পর্ক ছিল। রনি মাঝেমধ্যেই ওই বাড়িতে আসতেন। গত মঙ্গলবার রাতেও ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে রনি আসেন। গতকাল সকালে ওই নারীর ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আটক নারী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রনি বাড়িতে এসে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে রনিকে ধাক্কা মেরে ঘরে ফেলে দিয়ে তিনি ছুটে বাইরে চলে আসেন। রনি দরজা লাগিয়ে ঘরে থেকে যান। দীর্ঘ সময় সাড়াশব্দ না পেয়ে রাত আড়াইটার দিকে তিনি রনির বাবা-মাকে খবর দেন। রাত তিনটার দিকে দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়।
রনির বাবা টুকু পাইকার জানান, ওই নারী পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছেন।