প্রেমিকার বিয়ে ঠেকাতে হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকার বিয়ে ঠেকাতে প্রেমিক তাঁর দলবল নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে বৃহস্পতিবার রাতে প্রেমিকার হবু বরকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তাঁদের হামলায় হবু বরের বাবা মোস্তাক খান (৬০) নিহত হয়েছেন।ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী হামলাকারীদের ওপর চড়াও হলে তাঁদের অনেকে পালিয়ে গেলেও দুজন ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন নগরকান্দা পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকারিয়া (৪২) এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির সমর্থক লুৎফর রহমান (৪০)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামের মোস্তাক খানের ছেলে রেজাউল খান (৩২)। রেজাউলের সঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রফিকুল ইসলামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। কিন্তু ওই মেয়ের নানাবাড়ি ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মো. বাবুর (৩০) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে বাবু বহুবার ফোন করে এ বিয়ে না করার জন্য রেজাউলকে অনুরোধ করেন। কিন্তু রেজাউল এ অনুরোধ আমলে নেননি। তাই বিয়ের আগের দিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাবু নগরকান্দা পৌরসভার দুই কাউন্সিলরসহ ছয়-সাতজনকে নিয়ে রেজাউলকে অপহরণ করতে কালামৃধায় আসেন। তাঁরা রেজাউলকে অপহরণের চেষ্টা করলে তাঁর বাবা মোস্তাক খান বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে মোস্তাক খানকে ধাক্কা দিলে তিনি বাড়ির পাশের একটি তেলের ব্যারেলের ওপর পড়ে গিয়ে আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মোস্তাক খান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।