প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্তে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে এক তরুণ এখন ভারতীয় কারাগারে। ভুল পথে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম খায়রুল আলম (১৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা। মুঠোফোনে কলেজছাত্র পরিচয় দিয়ে তিনি ভূরুঙ্গামারীর এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই কিশোরী দেখা করতে চাইলে তিনি গত বৃহস্পতিবার ভূরুঙ্গামারীতে আসেন। কিশোরীর পরিবার ঘটনা জানতে পেরে তাঁকে আটক করে ও তাঁর বাড়িতে খবর পাঠায়। গতকাল ভোরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে পথ ভুলে ভারতের দীঘলটারী গ্রামে ঢুকে পড়লে বিএসএফের সদস্যরা তাঁকে আটক করেন।
দিয়াডাঙ্গা বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবেদার ইমরান জানান, বিএসএফ তাঁদের জানিয়েছে, খায়রুলকে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক জানান, পরিবারের লোকজন আসছে জানতে পেরে খায়রুল ওই কিশোরীর বাড়ি থেকে পালিয়ে পথ ভুলে ভারতে চলে যান।