প্রেমিকের ডাকে গিয়ে ধর্ষণের শিকার, ভিডিও ধারণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে তার প্রেমিক ডেকে এনে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ভাঙ্গা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ১০ জুন হামেরদী ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে।ওই মামলার সাত আসামি হলেন: উপজেলার মাধবপুর গ্রামের মিলন মিয়া (১৯), তাঁর বন্ধু ভীমেরকান্দা গ্রামের তুহিন মাতুব্বর (১৭), খাপুরা গ্রামের সোহাগ শেখ (২০) ও রুবেল এবং রাজমিস্ত্রি খালেক মিয়া (২২), উজ্জ্বল (২১) এবং সাব্বির (১৯)। তাঁদের মধ্যে পুলিশ বুধবার রাতে সোহাগ, খালেক ও তুহিনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর (১৭) সঙ্গে মাধবপুর গ্রামের মিলন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ জুন সকাল নয়টার দিকে মুঠোফোনে মিলন ওই ছাত্রীকে ইউপি ভবনের সামনে আসতে বলেন। ওই ছাত্রী এলে মিলন তাকে ওই ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে যান। এরপর মিলন ও তাঁর ছয় সহযোগী মিলে তাকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন। এরপর ওই ছাত্রীকে মিলন হুমকি দিয়ে বলেন, ‘যদি এ ঘটনা কাউকে জানানো হয় তবে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। হুমকি দেওয়ায় বিষয়টি ওই ছাত্রী আর কাউকে জানায়নি। কিন্তু ২০ জুন ওই ছাত্রী জানতে পারে, মিলন ও তাঁর সহযোগীরা ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন।মিলনের বন্ধু সোহাগ ও তুহিন পুলিশকে জানান, সম্প্রতি ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় মিলন প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটান। উপজেলার মনসুরাবাদ বিশ্বরোড এলাকায় সুজন নামের এক তরুণের কম্পিউটারের দোকানের অংশীদার সোহাগ। সোহাগ এই ভিডিওচিত্র মুঠোফোনে এবং সিডিতে করে বাজারে ছড়িয়ে দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ঢালী মো. বেলায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোহাগকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরেই বিচারিক হাকিম মো. ইউনুস খানের আদালতে হাজির করলে তিনি রোববার শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। পাঁচ দিন করে রিমান্ড চেয়ে পুলিশ অপর দুই আসামি তুহিন ও খালেককে গতকাল শুক্রবার একই আদালতে হাজির করে। মিলনসহ অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামেরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. ফারুক এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, ইউপি ভবনের নৈশপ্রহরী ভোর পাঁচটা পর্যন্ত পাহারা দেন। ইউপি অফিস খোলা হয় সকাল ১০টায়। ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত ইউপি ভবন একপ্রকার অরক্ষিত থাকে। মো. ফারুক বলেন, রাজমিস্ত্রিদের থাকার জন্য ঠিকাদার উজ্জ্বলকে ইউপি ভবনের দোতলার ওই কক্ষের চাবি দেওয়া হয়েছিল।