ফরিদপুরে প্রেমিকের প্রতারণার শিকার এক কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও প্রেমিক পলাতক রয়েছে।মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সোমাকে ফরিদপুর সদরের ধুলদী এলাকার সিরাজ মোল্লার বাড়ি থেকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার সুমাইয়া ইসলামের (১৭) সঙ্গে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চরগেন্দিয়া গ্রামের আক্তার মোল্লার (২৩) বছর দেড়েক আগে মুঠোফোনে পরিচয় হয়। আক্তার সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তবে সুমাইয়ার কাছে সে তার নাম মাহিম বলে জানায়। মুঠোফোনে পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সুমাইয়ার মামাতো বোন রেহানা আক্তার বলেন, ‘আক্তার মোল্লা মঙ্গলবার সোমাকে বিয়ে করবে বলে আমাকে জানায়। এ অবস্থায় আমি সোমাদের বাড়িতে মিথ্যা কথা বলে সকাল সাড়ে নয়টার দিকে সোমাকে নিয়ে আসি। সোমা ও আক্তার মোল্লা সারা দিন বেড়ানো শেষে বিকেলে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের নিয়ে আমার মামা সিরাজ মোল্লার বাড়িতে যাই। সেখানে কাজি ডেকে তাদের বিয়ে পড়ানোর কথা ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ফাঁকে আক্তার পালিয়ে যায়।’রেহানা আরও বলেন, ‘সোমা আমাকে বলেছিল, আক্তার তাকে বিয়ে না করলে তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই।’সিরাজ মোল্লার স্ত্রী পারভীন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে সোমা একটি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমরা চেষ্টা করে দরজা খুলতে না পেরে দরজা ভেঙে দেখি, গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।’সুমাইয়ার মা কুলসুম বেগম অভিযোগ করেন, এই মৃত্যুর পেছনে তাঁর ভাতিজি রেহানার হাত রয়েছে। সে চাকরি দেওয়ার কথা বলে মঙ্গলবার সকালে সোমাকে বাড়ি থেকে নিয়ে গেছে। রেহানাই সোমাকে হত্যা করিয়েছে। কুলসুম আরও বলেন, ‘আক্তারের সঙ্গে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। আক্তার এর আগে তার অভিভাবক ছাড়াই সোমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আমরা আক্তারের অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েকে তার কাছে বিয়ে দিতে রাজি হইনি।’এ ব্যাপারে বক্তব্য জানতে আক্তারের (মাহিম) মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া গেছে। চরগেন্দিয়া গ্রামে আক্তার মোল্লার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মা আয়শা বেগম জানান, আক্তার শহরের পূর্ব খাবাসপুর মহল্লার এক বাড়িতে লজিং থেকে পড়াশোনা করে। এ ঘটনা সম্পর্কে তাঁরা কিছু জানেন না।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সুমাইয়ার মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা, না আত্মহত্যা—তা বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহে রেহানা, তাঁর মামা সিরাজ মোল্লা ও মামি পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রাতেই আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।