প্রেমিকের প্ররোচনায় আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় ক্ষোভে-অভিমানে রাজশাহীর বাগমারার তানজিমা (১৬) নামের এক মেধাবী কলেজছাত্রী আত্মহত্যা করেছে। দিনভর একটি ঘরে লাশ পড়ে থাকার পর রাতে পুলিশ তা উদ্ধার করেছে। এ ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের শিবদেবপাড়া গ্রামের তামেজ আলী মেয়ে ও ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিমা খাতুনের সঙ্গে একই গ্রামের আনিসুজ্জামানের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি উভয় পরিবারে জানাজানি হলে আনিসুজ্জামানকে তাঁর পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এটি জানতে পেরে গত শুক্রবার রাতে তানজিমা তার পরিবারের সদস্যদের সামনে আনিসুজ্জামানকে মুঠোফোনে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হননি। একপর্যায়ে তাকে আত্মহত্যা করতে বলেন আনিসুজ্জামান। এ সময় পরিবারের সদস্যরা তাদের এই আলাপচারিতা শোনে। পরে তানজিমা তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে ও পাশে বিষের বোতল দেখে। সারা দিন লাশ সেখানেই পড়ে থাকে। পরে রাতে ছাত্রীর বাবা আনিসুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা করেন। শনিবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশ উদ্ধার করে। গতকাল রোববার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ওই ছাত্রীকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে। আসামি পলাতক রয়েছে।