প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আজ মঙ্গলবার সকাল থেকে অনশন করছেন এক নারী। ঘটনাটি উপজেলার ধুলিয়াট গ্রামের রাসেল মিয়ার (২৩) বাড়ির।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে রাসেল ও ওই নারীর মধ্যে বন্ধুত্ব হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। সেই সংসারে তাঁর একটি সন্তান আছে। কিন্তু বিয়ের পরও রাসেলের সঙ্গে মেয়েটির নিয়মিত যোগাযোগ ছিল। তিনি মেয়েটিকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে না করায় আজ তাঁর বাড়িতে চলে আসেন ওই নারী। আর তাঁর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান রাসেল।
রাসেলের মা শাহনাজ বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।’ আর রাসেলের খালা খাদিজা বেগম বলেন, রাসেল বাড়িতে নেই বলে তাঁরা ঘটনার সত্যতা সম্পর্কে বুঝতে পারছেন না।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।