প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে ২৩ দিন ধরে অনশন শুরু করেছে এক কলেজছাত্রী। এ ঘটনার পর থেকে ওই তরুণ পলাতক রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চার বছর ধরে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে এক তরুণের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এরপর থেকে মেয়েটি বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু ওই তরুণ বিয়েতে রাজি হচ্ছিলেন না। বাধ্য হয়ে মেয়েটি ১২ জানুয়ারি ওই তরুণের বাড়িতে যায়। ওই তরুণের পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় মেয়েটি সেখানে অনশন শুরু করে। মেয়েটির উপস্থিতি টের পেয়ে ওই তরুণ বাড়ি থেকে পালিয়ে যান।
মেয়েটি বলে, ‘ওই তরুণের সঙ্গে আমার চার বছর ধরে সম্পর্ক। কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। এ অবস্থায় বিয়ে না হলে, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। ২৩ দিন ধরে তাঁর বাড়িতে রয়েছি। আমাকে বাড়ি থেকে বের করে দিতে তাঁর আত্মীয়স্বজন নির্যাতন করছেন।’
ওই তরুণের বাবা বলেন, ‘ছেলে বাড়িতে না থাকায় আমি কিছু করতে পারছি না।’ এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।