প্রেমিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কলেজছাত্রী ফিরোজা আক্তারকে (১৭) হত্যার অভিযোগে প্রেমিক মো. মুসা আলীসহ (২৫) অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত ফিরোজার বড় ভাই জাহের আহমদ (২৫) বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে জুড়ী থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের মেয়ে ফিরোজা আক্তার স্থানীয় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ত। পাশের জাঙ্গিরাই গ্রামের মৃত তবদুল আলীর ছেলে মুসা আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কথা বলার সুবিধার জন্য মুসা সম্প্রতি সিমসহ একটি মুঠোফোন কিনে দেন ফিরোজাকে। ওই ফোন দিয়ে ফিরোজা গোপনে মুসার সঙ্গে কথা বলত। গত মঙ্গলবার রাতে মুসা মুঠোফোনটিতে খুদে বার্তা পাঠালে তা ফিরোজার স্বজনদের নজরে পড়ে। একপর্যায়ে ফিরোজার ভাই জাহের মুঠোফোনটি বন্ধ করে তাঁর কাছে রেখে দেন। পরদিন ভোরে ফিরোজা বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই জাহের জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার রাতে উপজেলার কণ্ঠিনালা নদীর রাবারবাঁধ এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ ফিরোজার লাশ উদ্ধার করে। রোববার ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার রাতেই মুসাকে আটক করে পুলিশ।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে মুসা ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীরা ফিরোজাকে নিয়ে পালান এবং পরে হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে থানাহাজতে মুসা নিজেকে নির্দোষ দাবি করেছেন। ফিরোজার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘পালিয়ে গেলে তো আমি ফিরোজাকে বিয়ে করতাম। ঘটনার দিন সকালে আমি বাড়িতে ঘুমে ছিলাম। আমার সঙ্গে তার কিসের বিরোধ থাকতে পারে? মুঠোফোন নিয়ে পরিবারের লোকজন হয়তো তাকে বকাঝকা করেছে। সে কারণে সে হয়তো আত্মহত্যা করতে পারে।’
ফিরোজার ভাই জাহের বলেন, ‘আমরা কেউ ফিরোজাকে বকাঝকা করিনি। মুসা বিভিন্ন কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের শাস্তি চাই।’
মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সব পরিষ্কার হবে।’
ওসি আরও জানান, মুসাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।