প্রেমিকের বিয়ের খবরে আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খলিল কাকা, আপনি তো সবকিছু জানেন। আমি লেসবারকে কত ভালোবাসতাম। পৃথিবীতে এর চেয়ে বেশি ভালোবাসা যায় না। তাই আমি আমার কষ্টকে ধরে রাখতে পারলাম না। সকলের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা সবাই আমাকে ক্ষমা করো। লেসবারের কোনো দোষ নেই। তোমরা ওকে কিছু বলো না। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। ওদের সবাই আমাকে ঠকাইছে। তবু ওদের ক্ষমা করে দিলাম।’কথাগুলো আমেলা খাতুনের। গত শনিবার রাতে আত্মহত্যা করার আগে চিঠি লিখে এভাবেই মনের কথা প্রকাশ করে গেছে আমেলা খাতুন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামে। সে বুনোগাতি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী, পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আমেলা খাতুনের সঙ্গে নড়াইল সদর উপজেলার দাড়িয়াঘাটা গ্রামের কুয়েতপ্রবাসী লেসবার হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের ধারণা, লেসবার হোসেন বিয়ে করতে যাচ্ছেন—এই খবরে আমেলা খাতুন দুঃখে-ক্ষোভে বাড়ির পাশের খড়ের স্তূপে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।আমেলা যে খলিল মোল্লাকে উদ্দেশ করে চিঠি লিখে গেছে, তিনি লেসবারের খালাতো ভাই। খলিল মোল্লাকে কাকা বলে ডাকত আমেলা। শালিখা থানার পুলিশ গতকাল রোববার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় লাশের পাশ থেকে একটি চিঠি, একটি মুঠোফোনসহ লেসবারের ছবি উদ্ধার করে। শালিখা থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামছুর রহমান ধারণা করছেন, প্রেমে ব্যর্থ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে আমেলা খাতুন। তিনি জানান, আমেলার মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা গেছে, কুয়েতের একটি মুঠোফোন থেকে আমেলার নম্বরে অনেকবার ফোন এসেছে। ওই নম্বর থেকে অনেক খুদেবার্তাও এসেছে।আমেলার ভাই কামরুজ্জামানের দাবি, আমেলার সঙ্গে লেসবারের প্রেমের সম্পর্ক ছিল। লেসবার কুয়েতে থাকার সময় আমেলা ও লেসবারের মধ্যে মুঠোফোনে কথা হতো। এক বছর ধরে এ সম্পর্ক ছিল। একাধিক সূত্রমতে, বিয়ে করার জন্য লেসবার প্রায় এক মাস আগে বাড়ি আসেন। গতকাল রোববার লেসবার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, লেসবারের বরযাত্রার প্রস্তুতি চলছে। সারা বাড়িতে বিয়ের সাজসজ্জা। আমেলা খাতুন সম্পর্কে জানতে চাইলে লেসবার হোসেন বলেন, তিনি আমেলাকে চেনেন না। তাঁর দাবি, আমেলার সঙ্গে তাঁর পরিচয় কিংবা প্রেমের সম্পর্ক ছিল না।