প্রেমিকের মেসে গিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত জাকিয়া সুলতানা ওরফে জুঁই (২২) নামের এক ছাত্রী চেতনানাশক বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। জাকিয়ার মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী মারা যান। জাকিয়া জেলার ধুনট উপজেলার অলেয়া গ্রামের মোজাফফর আলীর মেয়ে। জাকিয়ার একজন আত্মীয়র সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে টালবাহানা করায় গতকাল দুপুরের দিকে সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন পুরান বগুড়া এলাকার একটি ছাত্রাবাসে গিয়ে ওই ছাত্রী চেতনানাশক বড়ি খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পর বিকেলের দিকে মারা যান। ওই ছাত্রাবাসে তাঁর প্রেমিক থাকেন।
অবশ্য জাকিয়ার বাবা মোজাফফর আলীর দাবি, হাতখরচের টাকা কম দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে জাকিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
জাকিয়ার ওই আত্মীয় আরও জানান, গাইবান্ধার মহিমাগঞ্জ-জিরাই এলাকার একটি ছেলের সঙ্গে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জাকিয়ার। প্রেমিক বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের ছাত্র। বেশ কিছুদিন থেকে বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে টালবাহানা করছিলেন ছেলেটি। কয়েক দিন আগে প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জাকিয়া। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেমিকের খোঁজে যান তিনি পুরান বগুড়ার ওই ছাত্রাবাসে। সেখানে প্রেমিকের উপস্থিতিতে চেতনানাশক বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান ওই ছাত্রী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে, মেয়েটি অভিমান করে আত্মহত্যা করেছেন। মামলা দিতে রাজি না হওয়ায় ময়নাতদন্ত করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরেক কলেজছাত্রী ধর্ষণের শিকার
বগুড়া প্রতিনিধি আরও জানান, পৃথক আরেকটি ঘটনায় মাস্টার্সে অধ্যয়নরত এক ছাত্রী প্রেমিকের কাছে ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ বলছে, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক প্রেমিক রুবেল মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। রুবেল মিয়া সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের ছাত্র।