প্রেমিকের সঙ্গে চলে গেছে কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার সকাল নয়টা৷ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন বাজার ও সাইনবোর্ড এলাকায় অনেক মানুষের জটলা৷ সবার মুখে একই কথা—এই কিছুক্ষণ আগে সাদা রঙের মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা একটি ছেলে ও একটি মেয়েকে স্থানীয় সিনেমা হলের সামনে থেকে তুলে নিয়ে গেছে৷
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকায় গেলে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকচালকের এক সহকারী বলেন, ‘ভাই, এই মাত্র একটি মেয়েকে কারা যেন গাড়িতে করে তুলে নিয়ে গেছে৷’ কথা বলতে দেখে দূর থেকে কর্তব্যরত পুলিশের এক সদস্য তাঁকে ধমক দেন৷
সাইনবোর্ড এলাকায় অনেক মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকা দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বললেন, ‘দৌলতদিয়া ঘাট সিনেমা হলের কাছ থেকে মুঠোফোনে সংবাদ আসে, সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক একটি ছেলে ও একটি মেয়েকে তুলে নিয়ে চর দৌলতদিয়া সিরাজ খাঁর হাটের দিকে গেছে৷ সেখানে লোকজন ধাওয়া করলে মাইক্রোবাসটি সাইনবোর্ড হয়ে মহাসড়কে উঠেছে৷ জানার সঙ্গে সঙ্গে আমরা এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলাম৷ কিন্তু মাইক্রোবাসটি এমন জোরে চালাচ্ছিল, তার সামনে কেউ দাঁড়াতে সাহস করিনি৷’
স্টেশনসংলগ্ন সিনেমা হলের সামনে গিয়ে জানার চেষ্টা করলে স্থানীয় কয়েক যুবক জানান, যৌনপল্লির এক মেয়ে স্থানীয় এক তরুণের সঙ্গে বাজারে আসামাত্র এখানে অপেক্ষমাণ মাইক্রোবাসে থাকা কয়েকজন তাদের তুলে নিয়ে যায়৷ বিষয়টি স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের কাছে ছড়িয়ে গেলে সবাই রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়ে৷
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমিও অপহরণের কথা শুনেছি৷ মাইক্রোবাসটি এমন বেপরোয়াভাবে চালাচ্ছিল, তার সঙ্গে সংঘর্ষ লেগে কয়েকটি রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিন্তু কে কাকে অপহরণ করেছে, বিষয়টি পরিষ্কার জানি না৷’ পরে তিনি মুঠোফোনে কয়েকজনের কাছে ফোন করে কথা বলার পর জানান, যৌনপল্লির বীথি-আব্বাছের নিয়ন্ত্রণে থাকা এক কিশোরী (১৫) তাঁর প্রেমিকের হাত ধরে চলে গেছে৷ ওই মেয়েটির কাছে আসা স্থানীয় এক তরুণের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়৷ তাই মেয়েিট যৌনপল্লি ছেড়ে প্রেমিকের সঙ্গে গাড়িতে করে চলে গেছে৷
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, প্রথমে অপহরণের কথা শোনা গেলেও পরে জানা যায়, যৌনপল্লি থেকে এক মেয়ে তার প্রেমিকের সঙ্গে চলে গেছে৷