প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার
পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার কালাইয়া ইদ্রিস
মোল্লা ডিগ্রি কলেজ এলাকায় গত রোববার এ ঘটনা ঘটে।
এ কাজে সহায়তা করার অভিযোগে পুলিশ মনির হোসেন নামে এক তরুণকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই
তরুণীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছয় মাস আগে উপজেলার কালাইয়া গ্রামের সোহাগ মৃধার (২৩) সঙ্গে ওই
তরুণীর (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার বিকেলে তিনি সোহাগের সঙ্গে দেখা করতে কালাইয়া এলাকায় যান। সন্ধ্যা
সাতটার দিকে সোহাগ তাঁকে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে নেওয়ার পর সোহাগ ও
তাঁর সহযোগীরা তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেললে তাঁরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোহাগ মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।