প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজছাত্রীর মুখে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া থানার ফরিদাবাদে গতকাল মঙ্গলবার দুপুরে এক কলেজছাত্রীর (২২) মুখে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পুলিশ জানায়, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জামিল আহমেদ নামের ওই যুবক এ ঘটনা ঘটান। আহত ওই ছাত্রীকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কবি নজরুল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান প্রথম বর্ষের ওই ছাত্রী বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে টেলিফোন অপারেটর হিসেবেও চাকরি করেন। গতকাল বেলা দুইটার দিকে তিনি কর্মস্থল থেকে বাবার সঙ্গে রিকশায় করে ফরিদাবাদ ব্যাংক কলোনির বাসায় ফিরছিলেন। পথে ফরিদাবাদ ফজলুল হক কলেজের সামনে ওই রিকশার গতিরোধ করে জামিল ওই ছাত্রীর মুখে তিনবার ছুরিকাঘাত করেন। তাঁর বাবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জামিল পালিয়ে যান।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, জামিল দেড় বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।