প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদকাসক্ত এক বখাটে মেধাবী শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টার পর নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা ঘটে গতকাল বুধবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মেয়েটি (১৪) গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ে যাচ্ছিল। পথে পাশের বাড়ির মাদকাসক্ত মো. আবুল হোসেন (২২) তার পথরোধ করেন। এ সময় আবুল হোসেন ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি সাড়া না দিলে আবুল হোসেন কোমর থেকে ধারালো ছুরি বের করেন। একপর্যায়ে ছাত্রীকে সড়কে ফেলে গলা ও ঘাড়ে ছুরি চালান। মেয়েটির সঙ্গী মেয়েটির পাশের বাড়ির বাসিন্দাদের ঘটনাটি জানান। আহতাবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী বখাটে আবুল হোসেনকে ধরার জন্য তাড়া করেন। ওই সময়ে আবুল হোসেন ছুরি দিয়ে পিছু আসা মানুষকে হুমকি দেন। একপর্যায়ে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছুরিকাঘাতে তাঁর গলার একাংশসহ শ্বাসনালি কেটে যায়। এ অবস্থায়ই তিনি মাটিতে বসে মুঠোফোনের ওপর কাগজ রেখে প্রেমপত্র লিখতে থাকেন। দুপুর ১২টায় পুলিশ তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলের পাশের বাড়ির আমেনা বেগম বলেন, ‘হঠাৎ মা মা চিৎকার শুনে তাকিয়ে দেখি মেয়েটির চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে ছুরি দিয়ে ঘাড়ে পোঁচাতে থাকে আবুল। ওই সময়ে ছুরি দিয়ে মারার চেষ্টা করে আমাকে।’ আহত স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর শুনি মেয়ের এ অবস্থা।’
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার এম এ সালাম, ইউপি সদস্য সাদেকুর রহমান ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জমাদার বলেন, হোসেন মাদকসেবী, বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান গতকাল বিকেলে জানান, ছেলেটি সন্ত্রাসী ও মাদকাসক্ত হওয়ায় এলাকার কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।