প্রেমে রাজি না হওয়ায় তরুণী খুন!
প্রেমে রাজি না হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়ায় তানজিনা আক্তার ওরফে জ্যোৎস্না (২১) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে তাঁর চাচাতো ভাই হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে সাতকানিয়ার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিনা আক্তার সাতকানিয়া পৌরসভা এলাকার আবদুল খালেকের মেয়ে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার বিকেলে তানজিনা একই থানার বোয়ালিয়া এলাকায় তাঁর বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল ভোরে সেখানে চাচাতো ভাই মাইনুদ্দিন যান। কথা আছে বলে তানজিনাকে ঘুম থেকে তুলে ছুরিকাঘাত করে মাইনুদ্দিন পালিয়ে যান।তানজিনার বুকে ও পিঠে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।তানজিনার দুলাভাই আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, ‘ছেলেটিকে আমার অপর শ্যালিকার বাড়ির সবাই চেনে। তাই ভোরে সে ওই বাড়িতে গেলে দরজা খুলে দেয়। এরপর সে তানজিনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাইনুদ্দিন তাঁকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটায়।’পুলিশ তাঁর স্বজনদের বরাত দিয়ে জানায়, মাইনুদ্দিন তানজিনাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তানজিনা এতে রাজি হচ্ছিলেন না। তাই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশ মাইনুদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।