প্রেমের কারণে এ কেমন শাস্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
dinajpur
dinajpur

দিনাজপুরে প্রেম করার কারণে কিশোর-কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে এ দুই কিশোর–কিশোরীর আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে গেছে।

জেলার চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামে (হকপাড়া) এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসব চলাকালে ভেন্ডাবাড়ি নামক স্থানে জয়দেব ফকিরপাড়া হাইস্কুলের দশম শ্রেণির এক কিশোরী (১৫) ও সদরের শেখপুরা ইউনিয়নের এক কিশোর (১৬) নদীর ধারে গল্প করছিল। এ সময় এলাকার লোকজন কিশোরকে ধরে নিয়ে মেয়ের বাড়িতে আটকে রাখে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, ওই কিশোরকে আটক করেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন। খবর পেয়ে অভিভাবকেরা কিশোরকে ছাড়াতে গেলে ইউপি সদস্য আনোয়ার হোসেন ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তাঁরা ২০ হাজার টাকা দিলেও কিশোর-কিশোরীর বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ছেলেমেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েতে ওই কিশোরের প্রতিবেশী সত্যেন্দ্রনাথ রায় প্রতিবাদ জানালে আনোয়ার হোসেন তাঁকে মারপিট করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে গভীর রাতে দুই পক্ষের মধ্যে অলিখিত সমঝোতার মাধ্যমে কিশোর-কিশোরীর আশীর্বাদের আয়োজন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকাবাসী তাদের আটক করেছে বলে শুনেছি এবং পরে তাদের হিন্দু শাস্ত্রমতে আশীর্বাদ করা হয়।’ ওই কিশোরের প্রতিবেশী সত্যেন্দ্রনাথ রায়কে পেটানোর বিষয়ে তিনি বলেন, ‘যদি সত্যেন্দ্রনাথ বলে আমি তাঁকে মেরেছি, তাহলে আমি স্বীকার করে নেব।’

ওই আশীর্বাদ অনুষ্ঠানে নারী ইউপি সদস্য অলোকা রাণী রায়সহ গ্রামের ১৫–২০ জন উপস্থিত ছিলেন। অলোকা রাণী রায় বলেন, ‘আমি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য। ওই বাল্যবিবাহ যাতে না হয়, সে জন্য যা করণীয় সেই পরামর্শ দিই।’

এ ব্যাপারে আউলিয়াপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান জানান, লোকমুখে তিনি এ ঘটনার বিষয়ে শুনেছেন। তবে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেনি।