প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফের কড়া পাহারা, সীমান্তের কাঁটাতার, মহানন্দা নদী কিংবা মৃত্যুর ভয়—কোনো কিছুই আটকে রাখতে পারেনি পুতুল রানীকে (১৯)। প্রেমের টানে তিনি দেশ ছাড়েন৷ ছুটে আসেন ভারত থেকে বাংলাদেশে। গত শনিবার রাতে তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে ঢুকে পড়েন।
বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন তেঁতুলিয়া বাজারের মহানন্দা নদীর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হাফতিয়াগছ গ্রাম। সেই গ্রামের গোপাল চন্দ্র রায়ের মেয়ে ও তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের মুন্নাফ আলীর ছেলে সাদেকুল ইসলামের (২৩) মধ্যে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। সাদেক গরু ব্যবসায় জড়িত হওয়ায় গোপাল চন্দ্রের বাড়িতে তাঁর যাওয়া-আসা ছিল। ভারতে গেলে সাদেকুলকে পুতুলের বাবা নিজের বাড়িতে থাকতে দিতেন এবং গরু ব্যবসায় সহযোগিতা করতেন।
এরই সূত্র ধরে সাদেকুলের সঙ্গে পুতুলের পরিচয়। একসময় তা প্রেমে রূপ নেয়। শনিবার সন্ধ্যায় পুতুল মুঠোফোনে সাদেকের সঙ্গে যোগাযোগ করেন। পুতুলকে চলে আসতে বলেন সাদেক। যেই কথা সেই কাজ৷ সাদেকের দেখানো পথে পুতুল বাংলাদেশের উদ্দেশে পাড়ি জমান। তিনি শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া সীমান্তের ৪৪৩ নম্বর পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন৷ সেখান থেকে পুতুলকে বাড়ি নিয়ে আসেন সাদেক। কিন্তু গতকাল রোববার সকাল থেকে তাঁরা দুজনই লাপাত্তা ছিলেন। পরিবারের কেউ বলতে পারছিলেন না, তাঁরা কোথায় গেছেন।
এদিকে খবর পেয়ে বাদ সাধে বিএসএফ। তারা ২৪ ঘণ্টার মধ্যে পুতুলকে ফেরত চায়। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতা চেয়ে চিঠি দেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, ওই ঘটনায় গতকাল বিকেলে তেঁতুলিয়া সীমান্তের ৪৪৩ পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। পুতুলকে খোঁজার ব্যাপারে বিজিবি সহযোগিতা করবে বলে বিএসএফকে আশ্বাস দেয়। পরে পুতুল রানীকে উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়া হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ টি এম নাজমুল হুদা বলেন, পুতুল রানীকে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উভয়ের অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।