প্রেমের টানে মালয়েশিয়া থেকে সখীপুরে
মেয়ে মালয়েশিয়ার, ছেলে টাঙ্গাইলের সখীপুরের। ছয় মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পরিচয়। কথা বলতে বলতে প্রেম, দেখা করার ইচ্ছা। অবশেষে মালয়েশিয়া থেকে গতকাল শুক্রবার সখীপুরে চলে এসেছেন।
মেয়েটির নাম জুলিজা বিনতে কামিস (২২)। থাকেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এসেছেন মনিরুল ইসলামের কাছে। মনিরুলের বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায়। বাবার নাম ইমান আলী। বাড়িটিতে গতকাল দিনভর মানুষের ভিড় জমে।
মনিরুলের পরিবার সূত্রে জানা যায়, জুলিজাকে অভ্যর্থনা জানাতে মা-বাবা ও বোনদের নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন মনিরুল। গতকাল ভোরে জুলিজা সেখানে নামেন। বেলা ১১টার দিকে তাঁরা সখীপুরের বাসায় পৌঁছান।
জুলিজা জানান, তিনি পড়াশোনা শেষ করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাবার বেকারির ব্যবসা পরিচালনা করেন। এক মাস মেয়াদি ভ্রমণের ভিসায় তিনি এখানে এসেছেন। মনিরুলের কাছে তিনি এ দেশের প্রকৃতি সম্পর্কে জেনেছেন। বাংলাদেশ ও মনিরুলকে তাঁর ভালো লেগেছে। এক প্রশ্নের জবাবে জুলিজা প্রথম আলোকে বলেন, ‘আই অ্যাম হ্যাপি।’
মনিরুল ইসলাম ২০১৫ সালে এসএসসি পাস করে বাড়ির পাশে সখীপুর সরকারি মুজিব কলেজে ভর্তি হয়েছেন। ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে তাঁর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
মনিরুল বলেন, মেয়েটি মালয়েশিয়া গিয়ে তাঁকে ওই দেশে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাঁরা দুজনে একসঙ্গে সেখানে ব্যবসা করবেন।
মনিরুলের বাবা ইমান আলী ও মা মনোয়ারা বেগম বিদেশি বউ পেয়ে খুশি। ইমান আলী বলেন, গতকাল শুক্রবার রাতে ছেলের সঙ্গে ওই মেয়ের নিবন্ধন ও বিয়ে পড়ানো হবে।