প্রেমের টানে সীমান্ত পাড়ি!
প্রেমের টানে ভারতীয় এক কিশোরী সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় চলে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, ফুলবাড়ী সীমান্ত দিয়ে ফিরোজা খাতুনের নামের ওই কিশোরী বাংলাদেশে ঢোকে।
স্থানীয় লোকজন আরও জানান, ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তবর্তী ধর্মপুর গ্রামের মঈনুল হকের কলেজপড়ুয়া ছেলে রুবেল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ভারতের কোচবিহারের দিনহাটা থানার সেউটি-২ এলাকার ফজলুর রহমানের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ফিরোজা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার সন্ধ্যায় ফিরোজা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। বর্তমানে রুবেল ও ফিরোজা দুজনই লাপাত্তা।
বিজিবি সূত্র জানায়, ঘটনা জানাজানি হলে ফিরোজার বাবা ফজলুর রহমান ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেউটি-২ ক্যাম্পে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। বিএসএফ ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রামের কাশিপুর ক্যাম্পে জানায়।
এ ব্যাপারে ৪৫ কুড়িগ্রাম বিজিবির কাশিপুরের কোম্পানি কমান্ডার সুবেদার ইমরান নিজামী বলেন, ‘আমরা বিএসএফের মাধ্যমে মেয়েটির নিখোঁজ হওয়ার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ফুলবাড়ী কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস হাসান, স্থানীয় বাসিন্দা মিজান ও আফজাল হোসেন জানান, ভারতের মেয়ের বাংলাদেশে আসার কথা তাঁরা শুনেছেন। তবে এখনো ছেলে ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।