প্রেমের নামে প্রতারণা, দুই বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌরসভার এক কলেজছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে শনিবার রাতে সমীর দাস (২২) ও তাঁর বন্ধু শুভ দাসকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই বন্ধুকে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রতারিত কলেজছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে একই মহল্লার সমীর দাস প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সমীর চুয়াডাঙ্গা বড়বাজারে কম্পিউটারে গান ও ভিডিও ডাউনলোডের ব্যবসা করে। সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি সমীর ওই ছাত্রীকে সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ওই ঘটনার পর থেকে ছাত্রীটি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলে সমীর তাকে আগের দিন মুঠোফোনে ধারণ করা শারীরিক সম্পর্কের ছবি দেখায় ও জানায়, তার সঙ্গে সম্পর্ক না রাখলে তা ইন্টারনেটে ও মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হবে। আর ২০ হাজার টাকা দিলে ছবি মুছে ফেলা হবে। এর পরও মেয়েটি সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে ওই বখাটে প্রথমে নিজের বন্ধু মহলে ও পরবর্তী সময়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। অল্পদিনেই বিষয়টি উঠতি বয়সের যুবকদের কাছে ভিডিওটি প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এতে ওই ছাত্রী ও তার অভিভাবকেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অবশেষে গত শনিবার প্রতারিত ছাত্রী বাদী হয়ে থানায় প্রেমিকরূপী প্রতারক ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে।