প্রেমের পরিণতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার খাসপাড়া আদর্শ গ্রামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রেমের সম্পর্ক থেকে ফেরাতে না পেরে মেয়েটির বাবা নিজে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার লতা পারভীন (১৪) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। মেয়েটি বনপাড়া মুসলিম উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। লতার মা রাজিয়া বেগম জানান, গতকাল সকালে লতা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি লতা ও তার বাবা নবীর উদ্দীনকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে ডাক্তার দেখাতে যান। কিছু সময় পরে লতার বাবা সেখানে গিয়ে তাঁর কাছে বাড়ির চাবি দিয়ে চলে যান। রাজিয়া বলেন, বাড়ি ফিরে তিনি মেঝেতে লতার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রেমের সূত্র ধরে লতা সম্প্রতি তার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা সপ্তাহখানেক আগে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ওসি বলেন, লতা ওই প্রেমের পথ থেকে না সরায় নবীর উদ্দীন তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।লতার ভাই আব্দুল মোতালেব বলেন, ‘সম্প্রতি সে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমরা ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য তাকে বুঝিয়েছিলাম। কিন্তু তাতে সে রাজি হয়নি। বিষয়টি আব্বা মেনে নিতে পারেননি। হয়তো এই রাগে তিনি লতাকে হত্যা করেছেন।’ ওসি জানান, লতার ভাই মোতালেব বাবাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।