প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কলেজছাত্রী মাহমুদা আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে পুলিশ মো. মোহসীন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। মোহসীন মাহমুদার ফুফাতো ভাই। অ্যাসিড ছুড়তে গিয়ে মোহসীনেরও বাঁ পা দগ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মোহসীন অ্যাসিড নিক্ষেপের দায় স্বীকার করেছেন। মোহসীনের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, প্রেমের ডাকে সাড়া না দেওয়ায় মোহসীন মাহমুদাকে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিডে মাহমুদার মুখমণ্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে যায়। অ্যাসিড ছোড়ার সময় মোহসীনের বাঁ পা দগ্ধ হয়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ মোহসীনকে গ্রেপ্তার করে।
কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামের মাঈনুদ্দীনের মেয়ে মাহমুদা অন্যান্য দিনের মতো রোববার রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে থাকেন। সোমবার ভোর চারটার দিকে কক্ষের জানালা দিয়ে তাঁর গায়ে অ্যাসিড ছোড়া হয়।