প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও মাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে গিয়ে কলেজছাত্রী ও তাঁর মাকে মারধর করেছেন এক তরুণ। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। চিকিৎসা নিয়ে ফেরার পর ওই কলেজছাত্রী গতকাল বুধবার সকালে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, জৈন্তাপুরের স্থানীয় কলেজের এক ছাত্রীকে ঘিলাতৈল গ্রামের মোহাম্মদ শাহজাহান প্রায়ই উত্ত্যক্ত করেন। কলেজ বন্ধ থাকায় গত সোমবার তিনি ওই ছাত্রীর বাড়িতে যান। বাড়িতে গিয়ে ছাত্রীর মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন। এতে মা ক্ষিপ্ত হয়ে উঠলে শাহজাহান মাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এ সময় কলেজছাত্রীকে মারধর করেন শাহজাহান। পরে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহজাহান তাঁদের বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে চলে যান। প্রতিবেশীরা আহত মা ও মেয়েকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, মা ও মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় জখম পাওয়া গেছে। দুই দিন ভর্তি রেখে চিকিৎসা দিয়ে মঙ্গলবার বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল বুধবার সকালে কলেজছাত্রী আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, মেয়েটি বারবার বমি করছেন। শরীরিক জখমের পাশাপাশি তাঁর মধ্যে একধরনের ভীতি কাজ করছে। কলেজছাত্রীর মা জানান, হাসপাতালে থাকা অবস্থায় ঘটনাটি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে। জৈন্তাপুর থানার এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রীর মা।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তকারী উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র দাশ জানান, গত মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মারধরের সত্যতা পেয়েছেন। তবে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষ্পত্তি করে দিতে রাজি হওয়ায় পুলিশ পর্যবেক্ষণের মধ্যে রেখেছে।ইউপি চেয়ারম্যান আবদুল মালিক প্রথম আলোকে বলেন, ‘আমি নিষ্পত্তি করে দিতে রাজি হয়েছিলাম। কিন্তু কলেজছাত্রীর পরিবার রাজি না হওয়ায় আমি আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেব না।’এদিকে মুঠোফোনে শাহজাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।