প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জের মাধবপুরে শামীম নামের (২০) এক বখাটে কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করেছে কলেজপড়ুয়া এক ছাত্রীকে। ছাত্রীটি উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীতে পড়েন। তাঁর বাড়ি চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে। বখাটে শামীম একই গ্রামের বারিক মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। ছাত্রীটি গতকাল সোমবার মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানসহ থানায় গিয়ে বখাটের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কলেজে আসা-যাওয়ার পথে এক মাস ধরে শামীম কয়েকজন বখাটে যুবককে সঙ্গে নিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। এবং নানাভাবে উত্ত্যক্ত করে। গত রোববার কলেজ থেকে বাড়ি ফেরার পথে তারা (শামীমসহ কয়েকজন) আমার গতিরোধ করে হামলা চালায়। এ সময় তারা ধান কাটার কাঁচি দিয়ে আমার শরীরে পোঁচ দিতে থাকে। আমি মাটিতে পড়ে যাই। স্থানীয়রা আমাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করে।’ ছাত্রীটির হাতে ও পায়ে অসংখ্য কাঁচির আঘাত দেখা গেছে। ছাত্রীর ভাই রফিকুল ইসলাম বলেন, ‘বখাটেরা খুবই প্রভাবশালী। এলাকার মাতব্বরদের কাছে বেশ কয়েকবার তার বিরুদ্ধে নালিশ দিয়েছি। লাভ হয়নি। আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।’ মাধবপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ শামীমকে ধরার চেষ্টা করছে।