প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীর মুখে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত রোববার রাতে এক কিশোরীর মুখমণ্ডলে ছুরিকাঘাত করেছে এক বখাটে। মেয়েটিকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খতিয়াখালী গ্রামের বখাটে আতাউর রহমান ওরফে লাল্টু প্রায় এক বছর ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছে। এ কারণে মেয়েটি বিদ্যানন্দকাঠি ইউনিয়নে তার মামার বাড়িতে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয় এবং এ গ্রেড পেয়ে পাস করে। মেয়েটির মামা অভিযোগ করেন, তিন মাস আগে তাঁর ভাগনিকে একা পেয়ে বিয়ের প্রস্তাব দেয় আতাউর। ভাগনি সাড়া না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনাটি আতাউরের বাবা-মাকে জানিয়েও তাঁরা এর কোনো প্রতিকার পাননি।মেয়েটির মামার ভাষ্যমতে, রোববার রাত সাড়ে আটটার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা আতাউর ধারালো ছুরি দিয়ে মেয়েটির মুখমণ্ডলে আঘাত করে। এতে মেয়েটির জিভ কেটে যায় এবং মুখের পাঁচটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়। রাত ১০টার দিকে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সামসুজ্জামান বলেন, মেয়েটির জিভের বেশির ভাগ অংশ এবং গালসহ মুখের বিভিন্ন অংশ কেটে গেছে। কিশোরীর বাম চোখটি নষ্ট হয়ে যেতে পারে। মুখমণ্ডলে ১৬টি সেলাই দিতে হয়েছে। মেয়েটি আশঙ্কামুক্ত না হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সোমবার বেলা দুইটার দিকে মেয়ের নানা আবদুস সাত্তার মুঠোফোনে প্রথম আলোকে জানান, এখনো মেয়েটির জিভ দিয়ে রক্ত বের হচ্ছে। তার প্রকৃত অবস্থা জানাতে চিকিৎসকেরা আরও সময় চেয়েছেন। আতাউর মনিরামপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সমঞ্চান) দ্বিতীয় বর্ষের ছাত্র। মেয়েটিকে ছুরিকাঘাতের পর থেকে তিনি পলাতক। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া গেছে। আতাউরের প্রতিবেশী কামরুল ইসলাম বলেন, আতাউর দুশ্চরিত্রের লোক। দুই বছর আগে তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় অন্যের হয়ে এসএসসি পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে ধরা পড়ে ২৮ দিন কারা ভোগ করেন। তিনি এলাকার মেয়েদের প্রায়ই উত্ত্যক্ত করেন। মেয়েটির পরিবার তার চিকিৎসা নিয়ে ব্যস্ত। হামলার ঘটনায় পরে মামলা করবেন বলে জানিয়েছেন মেয়েটির মামা।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, রোববার রাতেই আতাউরকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তিনি পলাতক। আতাউর খারাপ চরিত্রের বলে তাঁর পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে।