প্রেমের ফাঁদ পেতে তরুণকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের পাঁচ দিন পর গত বুধবার রাতে এক দন্ত চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রেমের ফাঁদ পেতে তাঁকে অপহরণ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামের বাসিন্দা ও দন্ত চিকিৎসক রোকনুজ্জামানের (২৬) সঙ্গে ২০০৮ সালে খুলনার এক তরুণীর (ইতালি প্রবাসী) মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তরুণী বিদেশ চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন। ১ জুলাই তরুণী রোকনুজ্জামানের সঙ্গে দেখা করতে বগুড়া আসেন। দুজনের দেখা হওয়ার পর তাঁরা মোটরসাইকেলে করে মহাস্থানগড়সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান। বিকেলে তাঁরা মাটিডালী দ্বিতীয় বাইপাস দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মানিকচক এলাকায় অপর একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস তাঁদের পথরোধ করে। পরে রোকনুজ্জামান ও তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর রোকনুজ্জামানের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। অপহূতের বাবা বিষয়টি পুলিশকে জানান এবং অপহরণকারীদের সঙ্গে দর-কষাকষি করতে থাকেন। একপর্যায়ে ১০ লাখ টাকায় রফা হলে গত বুধবার রাতে রোকনুজ্জামানকে ছেড়ে দেওয়ার জন্য সময় ও স্থান নির্ধারণ করা হয়। এ সময় ডিবি পুলিশের একটি দল অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এবং সেই এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রোকনুজ্জামানের বাবা মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীদের সঙ্গে দেখা করতে যান। এ সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। রাত ১০টার দিকে অপহরণকারীরা মুক্তিপণ না নিয়ে অপহূত রোকনুজ্জামানকে শহরের নামাজগড় কবরস্থানের কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা, রোকনুজ্জামানের প্রেমিকার সঙ্গে অপহরণকারীদের যোগসাজশ ছিল। অপহূতকে উদ্ধারের পর ওই তরুণীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, অপহরণকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তার করতে পারলেই রহস্য উন্মোচিত হবে।