প্রেমের ফাঁদ পেতে প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার
ঢাকার সাভারে প্রেমের ফাঁদ পেতে বাসায় ডেকে এনে এক ব্যবসায়ীকে আটক করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দুই তরুণ ও দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম (৩২), ইয়াসিন মনির (৪২), জেসমিন আক্তার (২৮) ও সাথী আক্তার (২৫)। পুলিশ বলছে, তাঁরা সবাই প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন লোকের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চারজনসহ আরও কয়েকজন প্রতারক ১৫ দিন আগে সাভারের শাহীবাগ এলাকায় রাজাসন রোডের একটি ভবনের পাঁচ ও সাততলায় দুটি ফ্ল্যাট ভাড়া নেন। গত মঙ্গলবার তাঁরা বাসায় ওঠেন। এর আগে তাঁদের (প্রতারক) মধ্যে এক তরুণী মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দাসেরহাটি গ্রামের ব্যবসায়ী আমিনুর ইসলামের (৩৫) সঙ্গে মুঠোফোনে কথা বলে পরিচিত হন। এরপর প্রেমের ফাঁদ পেতে গত বৃহস্পতিবার আমিনুরকে ওই ভবনের পাঁচতলায় ডেকে নিয়ে আটক করেন। এরপর তাঁকে মারপিট করে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। একপর্যায়ে আমিনুরের চিৎকার শুনে আশপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁরা দুই তরুণীসহ চারজনকে আটক করে সাভার মডেল থানায় খবর দেন। এ ঘটনায় আমিনুর ইসলাম গতকাল শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেন।
আমিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার ওই তরুণী তাঁকে সাভারের বাসায় আসার অনুরোধ জানান। রাত আটটার দিকে তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এরপর এক যুবক তাঁকে ওই ভবনের পাঁচতলার ফ্ল্যাটে নিয়ে যান। পরে দুই যুবক নানা ভয়ভীতির মুখে তাঁকে বিবস্ত্র করে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তোলেন। এ সময় ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর (আমিনুর) কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আরও কয়েকজন যুবক ওই ফ্ল্যাটে গিয়ে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে তিনি মায়ের মুঠোফোনে কল করে তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে সাভারে আসতে বলেন। এরপর ওই তরুণ ও তরুণীরা ভেতরের ব্যালকনিতে গিয়ে সলাপরামর্শ করতে থাকেন। এই সুযোগে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে জানালা দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে অন্যান্য ফ্ল্যাট ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁরা দুই তরুণীসহ চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দুই তরুণ ও দুই তরুণী বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মুঠোফোনে প্রেমের ফাঁদ পেতে লোকজনকে বিভিন্ন বাসায় নিয়ে অশ্লীল ছবি তোলার পর নির্যাতন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে রাখার কারণে ভুক্তভোগীরা চেপে যাওয়ায় এত দিন বিষয়টি ফাঁস হয়নি।
ধামরাইয়ের বাউজা গ্রামের দেলোয়ার হোসেনের এক আত্মীয় বলেন, বছর খানেক আগে বিদেশে থাকাকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার এক তরুণীর সঙ্গে দেলোয়ারের মুঠোফোনে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দেলোয়ার দেশে ফিরে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান। সে সময় তাঁকে (দেলোয়ার) আটকে রেখে পাঁচ লাখ টাকা আদায় করার পর ছেড়ে দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, একাধিক চক্র সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার রাতে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রতারণার শিকার ব্যক্তিরা লজ্জা ও সামাজিকতার কারণে থানায় মামলা না করায় বিষয়টি এত দিন পুলিশের গোচরে আসেনি। চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।