প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এখন ভারতের মুম্বাইয়ে। আমাকে এখান থেকে নিয়ে যাও।’ সংঘবদ্ধ একটি নারী পাচারকারী দলের খপ্পরে পড়ে যশোরের কেশবপুরের এক মাদ্রাসাছাত্রী ভারতে পাচার হয়ে যায়। সেখান থেকে মুঠোফোনে তার ভাইয়ের কাছে ফোন করে সে ফিরে আসার জন্য এমন করুণ আর্তি জানায়।উপজেলার মধ্যকুল মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ওই ছাত্রী গত ২৯ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে মাদ্রাসায় যায়। এর পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় মেয়েটির বাবা ৩১ অক্টোবর কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত বুধবার বিকেল চারটার দিকে মেয়েটি তার চাচাতো ভাইকে ফোন করে জানায়, তাকে ভারতের মুম্বাইয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও ১৯-২০টি বাংলাদেশি মেয়ে রয়েছে। তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। ভারতের যে ফোন থেকে মেয়েটি বাড়িতে যোগাযোগ করে, সেই নম্বরটি হচ্ছে ৯১৮৩৫৬০৪৫৩০৭। ফোনে সে জানায়, তাকে উপজেলার বায়সা গ্রামের তরুণ রায় নিয়ে যায়। এসব কথা মেয়েটির চাচাতো ভাই মুঠোফোনে রেকর্ড করে রেখেছেন।গত বুধবার সন্ধ্যায় মেয়েটির বাবা কেশবপুর থানায় একটি লিখিত আভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানায় একটি মামলা হয়। থানায় অভিযুক্ত তরুণ রায় সাংবাদিকদের জানান, বুড়িহাটি গ্রামের রবিউল ও আবু তালেব তাঁকে প্রস্তাব দেন যে নারী পাচার করলে অনেক টাকা পাওয়া যাবে। এতে তিনি রাজি হন। পরে তিনি তাঁর বন্ধু হাবাসপোল গ্রামের নাজমুলের সাহায্যে ওই মেয়েকে নিয়ে তালেব ও রবিউলের হাতে তুলে দেন। তাঁরা মেয়েটিকে বিক্রি করে দেন। মেয়েটির ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, প্রেমের ফাঁদে ফেলে মেয়েটিকে তাঁরা সংঘবদ্ধ পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছেন।কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, মামলায় তরুণ ছাড়াও আবু তালেব ও রবিউলকে আসামি করা হয়েছে। তরুণকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে জানান ওসি।