প্রেমের বিয়ে, শ্বশুরবাড়িতে মৃত্যু

মাদারীপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রানা মৃধা (২৮) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রানার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, রানা আত্মহত্যা করেছেন। অন্যদিকে রানার পরিবারের লোকজন অভিযোগ করেছেন, তাঁকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের আক্কাস মৃধার ছেলে রানা মৃধার সঙ্গে পাশের সাতারিয়া গ্রামের জাহাঙ্গীর খোন্দকারের মেয়ে মাফুজা খন্দকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হলেও বিষয়টি মাফুজার মা মেনে নিতে পারেননি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কলহ লেগেই থাকত। শুক্রবার রাতে রানা তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে যান।
রানার বাবা আক্কাস মৃধা বলেন, শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফোনে জানান, রানা খুব অসুস্থ। পরে রানার পরিবারের লোকজন ওই বাড়িতে গিয়ে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রানাকে ঘরের মধ্যে দেখতে পান। দ্রুত রানাকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রানার বাবা অভিযোগ করেন, ‘পারিবারিক কলহের জের ধরে আমার ছেলেকে তার শ্বশুরবাড়ি লোকজন রাতে প্রচণ্ড মারধর করে। নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করে গলায় গামছা পেঁচিয়ে রাখে ওর শ্বশুরবাড়ির লোকজন। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই।’
এ অভিযোগের বিষয়ে জানতে রানার শ্বশুর জাহাঙ্গীর খোন্দকারের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।
বাজিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, ‘সাতারিয়া গ্রামের একটি ছেলে মারা গেছে খবর পেয়ে সেখানে যাই। এ সময় উত্তেজিত জনতা ঘরবাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে আমি তাদের নিবৃত্ত করি। রানাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে, তা পুলিশ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’
শনিবার বিকেলে রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রানা নামের এক তরুণের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ ঘটনার পর রানার স্ত্রী নির্বাক হয়ে পড়েছেন। তাঁকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া রানা শ্বশুরবাড়ির অন্য লোকদের এখনো পাওয়া যায়নি।