প্রেরণা ও সাফল্যের গল্প শুনলেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল চারটায় ইয়ং স্টেপস সংগঠনের সদস্য আদিব চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর বক্তব্য নিয়ে মঞ্চে আসেন ‘ইয়ং স্টেপস’ সংগঠনের সদস্য তাসনিম তাবাসসুম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোয়ার জাহান, ইয়ং স্টেপস সংগঠনের কমন হাউস চিফ হামিদ ইয়াসীর, সভাপতি জাওয়াদ শামস ও লাইট ফাউন্ডেশনের সভাপতি সানজিদুল আলম সিবান শান। এদের বক্তব্য শেষে শুরু হয় সোলায়মান সুখনের আত্মোন্নয়ন, প্রেরণাদায়ী ও উদ্দীপনামূলক বক্তব্য।

এ সময় তিনি বলেন, ‘দলবেঁধে কাজ করতে গেলেই নিজেকে প্রমাণ করার সুযোগ আসে। তখন ‘আমি, আমি’ করা বাদ দিয়ে ‘আমরা, আমরা’ করতে হবে। নিজের দক্ষতা প্রমাণ করতে পারলেই সকলে সম্মান করবে।’ ভালোভাবে পড়াশুনা করার পাশাপাশি নানা ধরনের ভালো কাজের সঙ্গে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান সুখন। তিনি বলেন, ‘একেক জনের চিন্তাশক্তি একেক জন থেকে ভিন্ন। আর এটিই দুজন মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। যে যা-ই বলুক না কেন, সেদিকে না তাকিয়ে নিজের চিন্তাশক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে গেলেই জীবনে উন্নতি সম্ভব।’ সুখন আরও বলেন, ‘প্রতিটি মানুষই সম্পদ। সকলেরই বিশেষ একটি ক্ষমতা থাকে। রাগ নিয়ন্ত্রণ করে সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’ দুই ঘন্টার প্রেরণামূলক বক্তব্য শেষে শিক্ষার্থীদের নানা ধরণের প্রশ্নের উত্তর দেন সুখন।