প্রেরণার উৎস হয়ে থাকবেন মোজাফ্ফর আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বহুমাত্রিক প্রতিভার অধিকারী অধ্যাপক মোজাফ্ফর আহমদ ছিলেন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক। তিনি আমাদের সবার প্রেরণার উৎস হয়ে থাকবেন।’ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে স্মরণসভাটির আয়োজন করা হয়। বাপার সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মারক বক্তৃতা’ দেন অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক মোজাফ্ফর আহমদের সহধর্মিণী অধ্যাপক রওশন জাহান স্মৃতিচারণা করে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রিয় রবীন্দ্রসংগীত ‘জীবন যখন শুকায়ে যায়...’ পরিবেশন করেন শিল্পী রমা বাড়ৈ। বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. কামাল হোসেন, শারমিন মুরশিদ, শরিফা খাতুন, ফরিদা আখতার, নুরুল ইসলাম প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
স্মারক বক্তৃতায় খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘তিনি ছিলেন বহুমাত্রিক গুণের প্রতিভাবান এক অসাধারণ ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে ধর্মাচরণ করতেন, একটি ন্যায়পরায়ণ সমাজব্যবস্থার¯স্বপ্ন দেখতেন। দীর্ঘ জীবনে তিনি গণতন্ত্রের জন্য লড়েছেন, পরিবেশ সংরক্ষণের জন্য লড়াই করেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করেছেন ও সুশাসনের জন্য লড়েছেন। সত্যিকারের দেশপ্রেম না থাকলে একজন ব্যক্তির পক্ষে এত বিষয় নিয়ে আজীবন কাজ করা সম্ভব নয়। মানসম্পন্ন ও উচ্চশিক্ষার প্রসারে যাঁরা কাজ করেছেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ তাঁদের অন্যতম।’
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদের মতো সৎ, দৃঢ় ও গণতন্ত্রমনা মানুষ সৃষ্টি হলেই সমাজ এগোবে।’ বিজ্ঞপ্তি।