প্রেষণ শেষ হলেও আছেন বহাল তবিয়তে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক কাজী মনজুর কাদির দুই বছর আগে প্রেষণে এই পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে সাত মাস আগে এই পদ থেকে প্রত্যাহারের চিঠি দেওয়া হয়েছে। অথচ তিনি এখনো ওই পদে বহাল তবিয়তে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মনজুর কাদির প্রেষণে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক পদে যোগ দেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্মক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তাঁর চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করা হয়। এর কপি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ১৯টি সরকারি দপ্তরে পাঠানো হয়। এই আদেশ জারির সাত মাস পার হলেও তিনি এখনো উপপরিচালক পদে বহাল রয়েছেন। তাঁর বিরুদ্ধে বদলি ও তদন্ত-বাণিজ্য এবং পরিদর্শনের ভুয়া বিল করার অভিযোগ এনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হক বলেন, ‘কাজী মনজুর কাদিরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।’ গত বৃহস্পতিবার মনজুর কাদির বলেন, ‘এখানে যোগ দেওয়ার পর বেশ কয়েকটি দুর্নীতির তদন্ত করেছি। এতে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব কারণে আমাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। পরে আদেশটি বাতিল করা হয়েছে। তবে আদেশ বাতিলের কোনো চিঠি হাতে পাইনি।’