প্রেস কাউন্সিল কাগুজে প্রতিষ্ঠান: সংসদীয় কমিটি
বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কাগুজে প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি বছরের বাজেটে প্রেস কাউন্সিলের জন্য ৬২ লাখ টাকা বরাদ্দ থাকলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে ৬২ টাকার কাজও পাওয়া যাবে না।’গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রেস কাউন্সিলকে ‘শ্বেতহস্তী’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি একটি কাগুজে প্রতিষ্ঠান। কিতাবে আছে, গোয়ালে নাই। এর মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন করা সম্ভব নয়। এই প্রতিষ্ঠানের বিদ্যমান যে আইন আছে, তাতে ইলেকট্রনিক মিডিয়ার বিষয়ে কিছুই বলা নেই। তাই এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও কার্যকর করতে হলে এর আইন সংশোধন করতে হবে। এ ছাড়া গতকালের সংসদীয় কমিটির সভায় মফস্বল সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে ওবায়দুল কাদের জানান। তিনি বলেন, ‘দেশের নষ্ট রাজনীতির মতো নষ্ট হয়ে গেছে মফস্বলের সাংবাদিকতা। সেখানে সাংসদেরা সাংবাদিক পোষেণ। সেই সাংবাদিক থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে চেয়ার ছেড়ে দেন। এটা সুস্থ সংবাদিকতা নয়।’সভায় ওবায়দুল কাদের ছাড়াও কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সারাহ্ বেগম কবরী ও বি এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।