প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশে মুক্তবিশ্বাসের সাংবাদিকদের মুক্ত হাওয়ায় উড়ে বেড়ানোর ক্ষমতা এখন নেই। সাংবাদিকতা ক্রমাগত বিধ্বস্ত, বিভ্রান্ত ও নতজানু হয়ে পড়ছে। ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি-২০১০’ শীর্ষক একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে প্রকাশনা বাতিল করার ক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করার সুপারিশ করেন।জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) কারওয়ান বাজারে তাদের নিজস্ব মিলনায়তনে ওই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশে সাংবাদিকতার জগৎ অনেক প্রসারিত হয়েছে। বিকৃত সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের আত্মমর্যাদাবোধ থাকা ভালো, তবে আত্ম অহংকার ভালো নয়। সাংবাদিকদের হতে হবে নিরহংকার। কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান বলেন, প্রেস কাউন্সিলকে পত্রিকার প্রকাশনা বাতিল করার ক্ষমতা দেওয়া হলে অপসাংবাদিকতা বন্ধ হতো। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশের প্রেস কাউন্সিল বেশ শক্তিশালী ছিল। প্রেস কাউন্সিলকে আগের মতো শক্তিশালী করা হলে অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।প্রবীণ সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা সবাই বলে। কিন্তু সে স্বাধীনতা কার জন্য, সাংবাদিকতা না সংবাদপত্র, সাংবাদিক না মালিকের—তা ঠিক করতে হবে।অন্যান্যের মধ্যে তথ্য কমিশনার সাদেকা হালিম, যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও যাত্রীর ফেলো স্টিভ কুন প্রমুখ বক্তব্য দেন।যাত্রীর গবেষণা ব্যবস্থাপক খান মো. রবিউল আলম ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা-২০১০’ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ২০১০ সালে চারজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। অপহূত হয়েছেন চারজন। এঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ সময়ে সারা দেশে সাংবাদিকদের ওপর মোট ৮২টি হামলার ঘটনা ঘটে। বিভিন্ন কারণে গ্রেপ্তার হন ২০ জন সাংবাদিক। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে সারা দেশে ১০৭টি মামলা করা হয়েছে।