প্রেস কাউন্সিলে প্রথম আলোর বিরুদ্ধে করা মামলা ফেরত
প্রথম আলোর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তার করা মামলাটি ফেরত দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক কমিটি গত ২৮ ডিসেম্বর এ আদেশ দেন।
ঝিনাইদহে কলের লাঙলে ভর্তুকি বিষয়ে ২০১৫ সালের ২৭ মে প্রথম আলোতে ‘কলের লাঙলের ভর্তুকির টাকার সিংহভাগ সরকারি দলের নেতাদের পকেটে’ শিরোনামে ঝিনাইদহের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এ-সংক্রান্ত আরও কয়েকটি ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনকে মানহানিকর ও সাংবাদিকতার রীতিনীতির লঙ্ঘন অভিহিত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলে মামলা করা হয়। মামলার বাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানসহ তিনজনকে বিবাদী করা হয়।
মামলাটি গ্রহণ করে প্রেস কাউন্সিল প্রথম আলোর বিরুদ্ধে সমন জারি করে। প্রেস কাউন্সিলে অভিযোগ দায়েরের পূর্বশর্ত হচ্ছে, অভিযোগে বর্ণিত বিষয়ে অন্য কোনো আদালতে কোনো প্রকার মামলা চালু থাকা যাবে না। ঝিনাইদহের আদালতে একই বিষয় নিয়ে ১১টি মামলা বিচারাধীন—এই যুক্তিতে প্রথম আলোর পক্ষ থেকে মামলাটি খারিজের দরখাস্ত করা হয়। দরখাস্তের ওপর পক্ষে-বিপক্ষে শুনানি শেষে প্রেস কাউন্সিল ওই আদেশ দেয়।
আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় চলতি বছরের জানুয়ারিতে। তিন সদস্যের বিচারিক কমিটির অপর দুই সদস্য হলেন মনজুরুল আহসান বুলবুল ও উৎপল কুমার সরকার।
আদেশে প্রেস কাউন্সিল বলে, প্রেস কাউন্সিল রেগুলেশন অনুসারে মামলাটি ‘সচল নয়’। ওই রেগুলেশন কাউন্সিলকে মামলা ফেরত দেওয়ার ক্ষমতা দিয়েছে। তবে কোনো আদালতে মামলা চালু থাকলে কাউন্সিলের ১২(৩) উপধারা অনুসারে তদন্ত পরিচালনার ক্ষমতা কাউন্সিলকে প্রদান করা হয়নি। ফরিয়াদির (বাদী) আবেদন পরীক্ষা করে দেখা যায়, ১৭-০৬-২০১৫, ০৪-০৭-২০১৫, ০৯-০৭-২০১৫ এবং ১৩-০৭-২০১৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনের প্রতিকার চেয়ে কোনো ব্যক্তি মামলা করেছেন বলে প্রতিপক্ষ (বিবাদী) কোনো কাগজ দাখিল করেনি। তারপরও আবেদনটি ‘Misjoinder of Cause of Action’ বলে বিচারিক কমিটি তদন্ত পরিচালনা করতে পারে না। কমিটি এ অবস্থায় অভিযোগের গুণাগুণের ওপর কোনো মতামত দেওয়া সমীচীন মনে করে না।
আদেশে আরও বলা হয়, দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য, দাখিল করা মূল আবেদনপত্র, অভিযোগ খারিজের দরখাস্ত, ফরিয়াদির আপত্তি এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরীক্ষা করে বিচারিক কমিটি রেগুলেশন-এর ৯(১)-এর বিধান অনুসরণ করে অভিযোগটি ফেরত দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। অতএব, অভিযোগপত্রটি (মামলা) ফরিয়াদির আইনজীবীর কাছে ফেরত দেওয়া হোক। তবে ফরিয়াদি ইচ্ছা করলে প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করার নিয়মাবলি পালন করে তিন মাসের মধ্যে অভিযোগ পুনঃদাখিল করতে পারবেন। অভিযোগটি দোবারা দোষে বারিত নয় বিধায় খারিজ করা হলো না। তবে ফেরত দেওয়া হলো।
মামলা পরিচালনায় বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন লস্কর। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী ও খায়রুল ইসলাম।