প্রেস কাউন্সিলে প্রথম আলোর বিরুদ্ধে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পড়াশোনা পাতায় প্রশ্নোত্তর ছাপা বন্ধ চেয়ে করা মামলাটি খারিজ করে দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিল গত ২৪ জুলাই এ রায় ঘোষণা করেন। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারিক কমিটির দেওয়া পূর্ণাঙ্গ রায় ১৮ আগস্ট প্রকাশিত হয়।

পড়াশোনা পাতায় সৃজনশীল প্রশ্নোত্তর ছাপানো বেআইনি দাবি করে মানবাধিকার সংস্থা আইন-অধিকার (বিডি) ফাউন্ডেশন প্রথম আলোর বিরুদ্ধে গত অক্টোবরে মামলাটি করেছিল।

রায়ে প্রেস কাউন্সিল বলেন, উভয় পক্ষের বক্তব্য, প্রেস কাউন্সিল আইনের ১২ ধারা, ১৯৮০ সালের রেগুলেশনের বিধি ৮ এবং ১৯৮০ সালের নোটবই (নিষিদ্ধকরণ) আইন পর্যালোচনা করা হয়েছে। এসব বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে এ মত পোষণ করা হয়, নালিশি আবেদনটি আইন অনুযায়ী সমর্থনযোগ্য নয় এবং এটি বাতিলযোগ্য।

বাদীপক্ষে আইনজীবী সৈয়দ মুহিদুল কবির এবং প্রথম আলোর পক্ষে আফতাব উদ্দিন ছিদ্দিকী মামলাটি পরিচালনা করেন। প্রেস কাউন্সিলের আদেশ মোতাবেক পূর্ণাঙ্গ রায়টি নিচে প্রকাশ করা হলো।

বাংলাদেশ প্রেস কাউন্সিল

৪০ তোপখানা রোড

সেগুনবাগিচা, ঢাকা ১০০০

মামলা নম্বর-৭/২০১৫

ফরিয়াদি:

আইন-অধিকার (বিডি) ফাউন্ডেশন

পক্ষে মো. ফরিদ আহমেদ সেন্টু

নির্বাহী পরিচালক

সি-৮৬, ইসলামপুর মাদ্রাসা রোড,

ধামরাই, থানা-ধামরাই, জেলা-ঢাকা।

বনাম

প্রতিপক্ষ:

১. সম্পাদক, দৈনিক প্রথম আলো

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,

কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

২. সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়

থানা-শাহবাগ, ঢাকা-১০০০

৩. সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়

থানা-শাহবাগ, ঢাকা-১০০০।

৪. সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,

থানা-শাহবাগ, ঢাকা-১০০০।

৫. সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়,

বাংলাদেশ সচিবালয়, থানা-শাহবাগ, ঢাকা-১০০০।

৬. জেলা প্রশাসক, ঢাকা, থানা-কোতোয়ালি, ঢাকা-১০০০।

উপস্থিত:

বিচারিক কমিটির মাননীয় চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১. বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ (চেয়ারম্যান)

২. জনাব আকরাম হোসেন খান (সদস্য)

৩. ড. উৎপল কুমার সরকার (সদস্য)

৪. ড. মো. খালেদ (সদস্য)

পিটিশনকারী              :  অনুপস্থিত

প্রতিপক্ষের আইনজীবী-১  :  অ্যাডভোকেট আফতাব                                উদ্দিন সিদ্দিকী

শুনানির তারিখ           :  ১৮-০৪-২০১৬ ও

                              ২৫-০৫-২০১৬

রায় ঘোষণার তারিখ      :  ২৪-০৭-২০১৬

রায়:

ফরিয়াদির দাখিলকৃত নালিশ পিটিশনে অভিযোগসমূহের মধ্যে ছিল, প্রতিপক্ষ নম্বর-১ দৈনিক প্রথম আলোর পৃষ্ঠা নম্বর ৬-এ ১৫-০৮-২০১৫ তারিখে ‘২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি’ এবং ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিশেষ প্রস্তুতি’ শিরোনামে সহজ প্রশ্নোত্তর এবং প্রাইমারি স্কুল সার্টিফিকেট ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা নিয়ে একই ধরনের লেখা প্রকাশিত হয় এবং নোটবই (নিষিদ্ধকরণ) আইন, ১৯৮০ অনুযায়ী এগুলো ছাপানো বেআইনি এবং নিষিদ্ধ। ফরিয়াদি আরও উল্লেখ করেন, এ ধরনের লেখা প্রকাশ করা শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। ফরিয়াদি প্রতিপক্ষ-১-কে এ ধরনের প্রশ্নোত্তর ছাপানো থেকে বিরত রাখতে পদক্ষেপ গ্রহণের আবেদন জানান এবং এ ধরনের প্রকাশনাকে অবৈধ এবং যা প্রকাশিত হয়েছে তা কর্তৃত্ববহির্ভূতভাবে করা হয়েছে বলে ঘোষণারও আবেদন জানান। ফরিয়াদি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রশ্নোত্তর না ছাপাতে তিনি ১ নম্বর প্রতিপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব দিয়ে প্রতিপক্ষ নম্বর-১ বলেছে, বিদ্যমান পাঠ্যক্রম ও ‘সৃজনশীল পদ্ধতি’র বিষয়বস্তুর সঙ্গে সংগতি রেখেই ‘পড়াশোনা পাতা’ প্রকাশ করছে এবং এর লক্ষ্য, শিক্ষার্থীদের শিক্ষামূলক সেবা প্রদান এবং এ রকম প্রকাশনা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক নয়। জবাবে সন্তুষ্ট হতে না পেরে ফরিয়াদি তাঁর অভিযোগের প্রতিকার পেতে এই নালিশ পিটিশন দাখিল করেছেন।

তদানুযায়ী নালিশ পিটিশনটি নথিভুক্ত করা হয় এবং প্রতিপক্ষসমূহের কাছে প্রচলিত নোটিশ পাঠানো হয় এবং নোটিশ গ্রহণ করে অ্যাডভোকেট আফতাব উদ্দিন সিদ্দিকীর মাধ্যমে ১ নম্বর প্রতিপক্ষ ১৯-১১-২০১৫ তারিখে হাজিরা দেন। এরপর ২১-১২-২০১৫ তারিখে প্রতিপক্ষ নম্বর-১ নালিশ পিটিশনটি খারিজের আবেদন দাখিল করেন। এই আবেদনের বিরুদ্ধে ফরিয়াদি ২১-০১-২০১৬ তারিখে লিখিতভাবে আপত্তি জানান।

মামলাটি শুনানির জন্য প্রস্তুত হলে নালিশ পিটিশনটি বাতিলের আবেদন নথিভুক্ত করা হয় এবং এ বিষয়ে ০৮-০৩-২০১৬ শুনানির দিন ধার্য করা হয়।

০৮-০৩-২০১৬ তারিখে শুনানির দিন ফরিয়াদি বা তাঁর আইনজীবী এ বিষয়ে শুনানির জন্য হাজির হননি। যা হোক, বিচারকাজ শেষ করতে এ বিষয়ে শুনানি মুলতবি করে ১৮-০৪-২০১৬ তারিখে শুনানির দিন ধার্য করা হয়।

উভয় পক্ষের সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হন। শুনানির জন্য বিষয়টি তোলা হয় এবং আংশিক শুনানি হয় এবং ফরিয়াদির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি মুলতবি করে ২৫-০৫-২০১৬ শুনানির দিন ধার্য করা হয়।

প্রতিপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হলেও বারবার ডাকার পরও ফরিয়াদির আইনজীবী অনুপস্থিত থাকেন।

যা হোক, প্রতিপক্ষের আইনজীবীকে তাঁর বক্তব্য তুলে ধরার আমন্ত্রণ জানানো হয়। কাউন্সিলের বিচারিক কমিটির সামনে ওই আইনজীবী যুক্তি দেন, প্রেস কাউন্সিল অ্যাক্টের ১২ ধারার আওতায় না পড়ায় নালিশি পিটিশনটি গ্রহণযোগ্য নয়।

এরপর তিনি অ্যাক্টের ১২ ধারার বিধান কমিটির নজরে এনে যুক্তি দেন, প্রদত্ত ক্ষমতাবলে কাউন্সিল কোনো সংবাদপত্র বা সংবাদ সংস্থা কর্তৃক সাংবাদিকতার নৈতিক মান বা জনস্বার্থবিরোধী কোনো অপরাধ কিংবা একজন সম্পাদক বা কর্মরত একজন সাংবাদিক কর্তৃক সংঘটিত কোনো পেশাগত অসদাচরণ বা সাংবাদিকতার নৈতিকতা ভঙ্গের অপরাধ-সংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে ক্ষেত্রবিশেষ সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক বা কর্মরত সাংবাদিককে সতর্ক, মৃদু ভর্ৎসনা বা নিন্দা করে থাকে। কিন্তু এই মামলায় দৈনিক প্রথম আলোর পড়াশোনা পাতা ছাপানো থেকে প্রতিপক্ষসমূহকে বিরত রাখার নির্দেশ চাওয়া হয়েছে। তাই ওই নালিশ বাতিলযোগ্য।

তিনি আরও যুক্তি দেন, ফরিয়াদি দৈনিক প্রথম আলোয় পড়াশোনা পাতা ছাপানোয় নোটবই (নিষিদ্ধকরণ) আইন, ১৯৮০-এর বিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন, কিন্তু এ ব্যাপারে প্রতিকার চেয়েছেন প্রেস কাউন্সিল অ্যাক্টের আওতায়। তাই নালিশি পিটিশনটি বাতিলযোগ্য। তিনি আরও যুক্তি দেন, প্রতিপক্ষসমূহের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব না প্রেস কাউন্সিল অ্যাক্টের ১২ ধারায় পড়ে, না অ্যাক্টে উল্লেখিত কোনো অপরাধের আওতায় পড়ে। তাই নালিশি পিটিশন বাতিলযোগ্য। তিনি এ-ও যুক্তি দেন, অভিযোগগুলো প্রেস কাউন্সিল রেগুলেশন ১৯৮০-এর রুল ৮-এর শর্তের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। আর তাই এ নালিশি পিটিশন বাতিলযোগ্য।

আমরা ১ নম্বর প্রতিপক্ষের আইনজীবীর বিস্তারিত বক্তব্য শুনেছি এবং ফরিয়াদির পিটিশন, এ পিটিশন খারিজে ১ নম্বর প্রতিপক্ষের দাখিল করা আবেদন ও ফরিয়াদির লিখিত আপত্তি পর্যালোচনা করেছি। আমরা প্রেস কাউন্সিল অ্যাক্টের ধারা ১২, ১৯৮০ সালের রেগুলেশন-এর রুল ৮ ও নোটবই (নিষিদ্ধকরণ) আইন, ১৯৮০-ও পর্যালোচনা করেছি এবং পূর্বোক্ত আইনগুলোর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে আমরা এই মত পোষণ করি, নালিশ পিটিশনটি আইন অনুযায়ী সমর্থনযোগ্য নয় এবং এটি বাতিলযোগ্য।

প্রতিপক্ষ-১-এর আইনজীবীর বক্তব্য থেকে আমরা গ্রহণযোগ্য যুক্তি পাই।

ফলাফল হিসেবে, মামলার খরচের বিষয়ে কোনো নির্দেশ না দিয়ে আইন মোতাবেক সমর্থনযোগ্য না হওয়ায় নালিশ পিটিশনটি খারিজ করে দেওয়া হলো।