প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন সংসদে পেশ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের জুডিশিয়াল কমিটি গত বছর ১৫টি অধিবেশনে চারটি মামলার রায় দিয়েছেন। শুনানি করেছেন চারটি মামলার এবং তিনটি মামলা প্রত্যাহার করেছেন। অধিবেশনগুলোতে নিষ্পত্তি না হওয়া মামলা পাঁচটি।প্রেস কাউন্সিলের ‘বার্ষিক প্রতিবেদন ২০১১’-তে এসব তথ্য সন্নিবেশিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।জুডিশিয়াল কমিটি যে চারটি মামলার রায় দিয়েছেন, তার মধ্যে দুটির বাদী ছিলেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান। এর একটি মামলার বিবাদী ছিলেন কালের কণ্ঠ-এর সম্পাদক আবেদ খান (তৎকালীন) ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন। ২০১০ সালের ২৪ অক্টোবর করা ওই মামলায় মতিউর রহমান অভিযোগ করেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান’ শিরোনামে আপত্তিকর, অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাঁর সুনাম, যশ ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করেছে। ওই মামলার রায়ে জুডিশিয়াল কমিটি বলেছিলেন, দৈনিক কালের কণ্ঠ যে অপসাংবাদিকতার পরিচয় দিয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।মতিউর রহমানের করা অন্য মামলাটির বিবাদী ছিলেন বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার (তৎকালীন) ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন। ওই মামলার রায়ে জুডিশিয়াল কাউন্সিল বিবাদীদের কুৎসাপূর্ণ সংবাদ প্রকাশের জন্য ভর্ৎসনা ও ভবিষ্যতের জন্য সতর্ক করেন এবং ওরকম সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।প্রেস কাউন্সিলে রায় হওয়া অন্য একটি মামলার বাদী ছিল বেসিক ব্যাংক লিমিটেড। অন্যটির বাদী ছিল প্রোগ্রেসিভ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সত্য গোপাল দাস।বার্ষিক প্রতিবেদনে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি বি কে দাস বলেন, সংবাদ প্রকাশের আগে সম্পাদক ও সাংবাদিকদের সংবাদের সত্যতা যাচাই করা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। তাঁর দৃঢ় বিশ্বাস, তথ্য অধিকার আইন সম্পাদক ও সাংবাদিকদের দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিচারিক ক্ষমতা কিছুটা বৃদ্ধি পেলে এবং এর লোকবল বৃদ্ধি করা গেলে প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।’