প্রেসক্লাবে বিএফইউজের 'সদস্য সকাল'
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের (একাংশ) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সদস্য সকাল’ অনুষ্ঠান। জাতীয় প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সদস্যদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।
আজ শুক্রবার সকালে প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, প্রেসক্লাবকে একটি আধুনিক ক্লাবে রূপান্তরের জন্য নানা ধরনের উন্নয়নকাজ চলছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটি কাজগুলো এগিয়ে নিচ্ছে। তিনি এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নবীন সদস্যসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তাঁদের কমিটি ক্লাবে ২৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। এ কাজ তাঁরা শেষ করতে সর্বাত্মক চেষ্টা করছেন।
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান কমিটি ক্লাবে ৬৪৮ জন নতুন সদস্য নিয়েছে। দীর্ঘদিন এই ক্লাবে সদস্য করা বন্ধ ছিল। এ জন্য অনেকেই বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে ক্লাবে একটি দারুণ পরিবেশ তৈরি হবে। কাজের ফাঁকে সদস্যদের খোলামেলা আড্ডা বরং কাজকেই এগিয়ে নেবে।
অনুষ্ঠানে পিআইবির সাবেক মহাপরিচালক ও বাসসের সাবেক প্রধান সম্পাদক আমান উল্লাহ, বিএফইউজের সভাপতি গোলাম মহিউদ্দিন খান, মহাসচিব সৈয়দ মেজবাহ উদ্দিন, প্রবীণ ক্রীড়া সাংবাদিক মো. কামরুজ্জামান, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও ক্লাবের সহযোগী সদস্য জাকারিয়া পিন্টু প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে নবীন সদস্যরাও তাঁদের অনুভূতি প্রকাশ করেন। সকালে অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।