প্রেসক্লাব-কদম ফোয়ারার সামনে অবস্থান, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হামলার প্রতিবাদ ও দখল হওয়া হল উদ্ধারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারার সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রেসক্লাব-সংলগ্ন ও হাইকোর্টের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তাঁরা জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারার সামনে এসে সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা পুলিশি হামলার প্রতিবাদ ও দখল হওয়া হল উদ্ধারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন। এ ছাড়া আন্দোলন কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অংশ নিতে দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকি আক্তার যোগ দিয়ে বক্তব্য রেখেছেন।

দুপুর ১২টার দিকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কদম ফোয়ারার কাছ দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁদের প্রায় ২০ মিনিট আটকে রাখেন। পরে তাঁদের ছেড়ে দেন তাঁরা।
কর্মসূচির কারণে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়ক ও হাইকোর্টের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ হিসেবে সচিবালয়ের সামনের সড়ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচল করছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস বলেন, গতকাল রোববার শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিনা কারণে লাঠিপেটা করেছে পুলিশ। আর তা থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে সমিতি। আজ বিকেল চারটার মধ্যে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আমিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও একজন শিক্ষার্থীকেও আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রাবাস দখল করে রেখেছে বিভিন্ন মহল। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে গতকাল পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকসহ অন্তত ২২ জন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছেন। প্রায় চার ঘণ্টার ওই সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে এ সংঘর্ষ হয়। সম্প্রতি জাতীয় সংসদে ছাত্রলীগের কর্মকাণ্ড
সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন হাজি সেলিম। ছাত্রলীগ এর নিন্দা জানিয়ে হাজি সেলিমকে অশিক্ষিত, মূর্খ ও টোকাই আখ্যা দিয়ে বিবৃতি দেয়।

এর কয়েক দিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধারে আন্দোলনের ডাক দেয়। হল উদ্ধারে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কর্মসূচির প্রতি সমর্থন দেয়।