প্রেসক্লাবে জামায়াতের সভা পণ্ড, ৩৪ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জামায়াতে ইসলামীর একটি আলোচনা সভা পণ্ড হয়ে গেছে। সভার উদ্দেশে আসা জামায়াতের ৩৪ জন কর্মীকে প্রেসক্লাবের প্রধান ফটকসহ আশপাশের এলাকা থেকে আটক করে পুলিশ।২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে নিহত দলের ছয় নেতা-কর্মীর স্মরণে বিকেল সাড়ে তিনটায় ঢাকা মহানগর জামায়াত এ আলোচনা সভার আয়োজন করে। দলটির দাবি, আওয়ামী লীগের কর্মীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে এ ছয় নেতা-কর্মীকে হত্যা করে। গতকালের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৮ দলীয় জোটের নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। জোটের শরিক দল এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ও এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন সাড়ে তিনটার দিকে প্রেসক্লাবে আসেন। পরিস্থিতি দেখে তাঁরা ফিরে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বিপুলসংখ্যক র্যা ব ও পুলিশ সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা জাতীয় প্রেসক্লাবের ফটকসহ আশপাশে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে সভায় যোগ দিতে জামায়াতের কয়েকজন কর্মী প্রেসক্লাবের ফটকে এলে পুলিশ তাঁদের আটক করে ভ্যানে তোলে। বিকেল সোয়া চারটা পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানকে প্রেসক্লাবের সামনের রাস্তায় কয়েকবার টহল দিতে দেখা গেছে।কর্মী আটকের প্রতিবাদে বিকেল চারটায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনের সড়ক থেকে শাহজাহানপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। দলের সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম মিছিলে ছিলেন।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে কিছু সন্দেহভাজন লোকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘৩৪ জনকে আমরা হেফাজতে নিয়েছি। এর মধ্যে কতজনকে গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’