প্রেসক্লাবে ব্যতিক্রমী 'বিড়াল প্রদর্শনী'

ইট, কাঠের এই শহরে পশুপাখিরা অবহেলায় দিন কাটায়। পথে তাদের দেখলেই ঢিল ছোড়া হয়, খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লে পিঠে পড়ে লাঠির বাড়ি। কখনো ছুড়ে মারা হয় গরম পানি। সেই শহরেই চলছে ব্যতিক্রমী এক বিড়াল প্রদর্শনী। সযত্নে লালিত বিড়ালদের মনের মতো করে সাজিয়ে সেখানে নিয়ে এসেছেন তাদের অভিভাবকেরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ক্যাট কনসার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে পশু-পাখিপ্রেমী একটি সংগঠন ওই প্রদর্শনীর আয়োজন করে। সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ওই ব্যতিক্রমধর্মী ‘বিড়াল প্রদর্শনী’-এর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ঢুকতেই খাঁচার মধ্যে দেখা গেল লম্বা গোঁফ, লোমোশ মোটাসোটা শরীরে গম্ভীর হয়ে বসে আছে একটি বিড়াল। খাঁচার সামনে যেতেই জাঁদরেল গলায় ডেকে উঠলো ‘ম্যাঁও’।
স্নো হোয়াইট পার্শিয়ান জাতের ওই বিড়ালটিকে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিন কয়েক বছর আগে লন্ডন কিনে এনেছেন। বিড়ালটির দাম নিয়েছিল ৫০ হাজার টাকা। এত দাম দিয়ে বিড়াল কেনার কারণ জানতে চাইলে জাহিন বলেন, অনেকে বলে কুকুর সবচেয়ে প্রভুভক্ত। কিন্তু পার্শিয়ান জাতের এই বিড়ালগুলো কুকুরের মতোই প্রভুভক্ত। এরা একটু বেশি আদুরে স্বভাবের আর দেখতেও অসাধারণ। বাইরে থেকে বাসায় যখন এসে দেখি সদর দরজায় সে আমার জন্য অপেক্ষা করছে, তখন মন ভালো হয়ে যায়।
জাহিন যখন নিজের পোষা বিড়ালের প্রশংসায় পঞ্চমুখ, তখন অন্য বিড়ালের অভিভাবকেরা যত্ন নেওয়ায় ব্যস্ত। কেউ চিরুনি দিয়ে বিড়ালের পশম আঁচড়ে দিচ্ছেন, কেউ পানিকে আদর করে ‘মাম’ বলে বিড়ালের মুখে তুলে দিচ্ছেন। কেউ আবার বিড়াল কোলে বসিয়ে নেইলকাটার দিয়ে নখ কেটে দিচ্ছেন। ঠিক যেন নিজের সন্তানকেই লালনপালন করছেন তাঁরা।
শুধু বিড়ালই নয়, প্রদর্শনীতে তাদের জন্য ছিল রং-বেরঙের নকশা করা জামা। সেই জামা আবার বিড়াল নিজেই পছন্দ করে নিচ্ছে। জামার টেবিলে ছেড়ে দিলে বিড়াল নিজেই তাঁর পছন্দ অনুযায়ী একটা জামা নিয়ে নাড়াচাড়া করতে থাকে। অভিভাবকরাও বুঝে নেন তাঁদের আদরের পোষা বিড়ালের সেটিই পছন্দ। এ ছাড়া বিড়াল পালনবিষয়ক বই ও বিড়ালের জন্য খাবারও প্রদর্শন করা হয় সেখানে।
অভিভাবক জেরিন আহমেদ তাঁর বিশাল আকৃতির আমেরিকান ট্যাবি জাতের বিড়ালকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আমার বিড়ালের নাম “কিং”। আমার বিড়াল খুব শান্ত, চকচক করে খায়, বাথরুমের কমোডে গিয়ে মলমূত্র ত্যাগ করে।’ বিড়ালটিকে কিছু বলতে বলা হলে সে বলে উঠলো ‘মিউ’। এক শব্দ দিয়ে হয়তো অনেক কিছুই বলে দিল সে। হয়তো বলল, তার আনন্দ, সৌভাগ্য ও কৃতজ্ঞতার কথা।

আরেক বিড়ালের অভিভাবক পুরান ঢাকার তৌহিদ জানান, তাঁর বিড়াল অনেক লক্ষ্মী, নিজে নিজে প্রাতঃকৃত্য সেরে নেয় টয়লেটে গিয়ে। চার বেলা খাবার দেন, কোনো ঝক্কিঝামেলা নেই।
রাজারবাগ থেকে বিড়াল নিয়ে আসা ফারজানা হোসেন বলেন, ‘আমার জন্মদিনে আমার স্বামী আমাকে এই বিড়ালটি উপহার হিসেবে দিয়েছিলেন। তার পর থেকে আমরা একে সন্তানের মতোই লালনপালন করছি।’ বিড়াল পালার কারণ সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, ‘বিড়াল অনেক শান্ত প্রাণী, আর দেখলেই মন ভালো হয়ে যায়।
প্রদর্শনীতে বিড়ালের পাশাপাশি পাখিও নিয়ে আসা হয়। খিলগাঁও থেকে প্রকৌশলী তাহসিন রহমান তাঁর পোষা কয়েক জাতের পাখি নিয়ে আসেন। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ান রেইনবো লরি, আফ্রিকান গ্রে প্যারোট, আম্ব্রেলা কাকাতুয়া এবং রেড লরি। এর মধ্যে আফ্রিকান গ্রে প্যারোটের বয়স আড়াই বছর, যার স্বাভাবিক আয়ুষ্কাল সাধারণত ৬০ বছর । আর পাঁচ বছর বয়স হলেই ডিম দেওয়া শুরু করবে।
তাহসিন জানান, ‘আফ্রিকান গ্রে প্যারোটের ঠোঁট এত শক্ত যে চাইলে কামড় দিয়ে হাতের আঙুল কেটে নিতে পারবে। তবে পোষা হলে আপনার জিহ্বা থেকে খাবার নিয়ে নিজ মুখে খাবে। আর এই জাতের পাখি সবচেয়ে বেশি কথা বলতে পারে।’
প্রদর্শনীর আয়োজক ক্যাট কনসার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমরান হোসেন জানান, প্রদর্শনীটির উদ্দেশ্য হলো বিড়ালের প্রতি সচেতনতা সৃষ্টি করা। ইমরান আরও বলেন, আমরা পোষা প্রাণীকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। রাস্তায় মানুষ অবহেলায় পড়ে থাকলে আমাদের যেমন কষ্ট হয়, বিড়াল পড়ে থাকলেও সমান কষ্ট হয়। বিড়ালসহ অন্য পশু-পাখিদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানোর উদ্দেশ্যেই মূলত আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। যেকোনো বিড়ালপ্রেমী আমাদের এই সংগঠনের সদস্য হতে পারবে এক হাজার টাকার বিনিময়ে। আর এতে তিনি কয়েক মাস পর পর বিনা মূল্যে রোগ প্রতিরোধক ওষুধ পাবেন। এ ছাড়া চাইলে কিছু শর্ত পূরণ করে বিড়াল নিয়ে লালনপালনও করতে পারবেন।