প্রেসক্লাবে সাংবাদিকদের পাল্টাপাল্টি সমাবেশ
সাংবাদিকদের দুটি অংশ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। তবে এ সমাবেশকে ঘিরে আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সরকার-সমর্থক অংশ ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা না ওড়ানোয় ক্ষোভ জানান। আগামীকালের মধ্যেই পতাকা না ওড়ালে নিজেরাই পতাকা ওড়ানোর ব্যবস্থা করবেন বলে ত্ারা ঘোষণা দেন। ১৫ দিনের মধ্যে যোগ্য ব্যক্তিদের প্রেসক্লাবে সদস্যপদ দেওয়ারও দাবি জানানো হয়। সমাবেশে অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক দল প্রেসক্লাবের অরাজনৈতিক চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে গতকাল প্রেসক্লাবের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মিডিয়া-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রেসক্লাবের অরাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করার দাবি জানান। এতে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম তালুকদার, শাবান মাহমুদ, রহমান মোস্তাফিজ প্রমুখ।
বিএফইউজের বিএনপি অংশের সভাপতিত্ব করেন এ অংশের সভাপতি রুহুল আমিন গাজী। সব বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, সাংবাদিক নেতা আবদুস শহীদ, সৈয়দ জাফর, হাসনাত করিম প্রমুখ।