প্রেসক্লাবে সাংবাদিকদের সভায় ইট-পাটকেল, আহত ১

জাতীয় প্রেসক্লাবে আজ বিএনপিপন্থী সাংবাদিকদের একটি বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। প্রেসক্লাবের বাইরে থেকে ইট-পাটকেল ছুড়লে সমাবেশটি পণ্ড হয়ে যায়। পরে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের আরেকটি সমাবেশ করলে সেখানে হামলা হয়। ইটের আঘাত মাথা ফেটে যায় একজন সাংবাদিকের। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী সমর্থিত সাংবাদিকদের অভিযোগ, বিএনপিপন্থী সাংবাদিকদের ছোড়া ইটের আঘাতে ওই সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা-কর্মীরা সকাল থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। তাঁদের ব্যানারে লিখা ছিল ‘বন্ধ গণমাধ্যমের খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ’। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় সমাবেশ থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এই পরিস্থিতিতে মিছিল থেকে সমাবেশে ইটপাটকেল ছুড়লে সাংবাদিক নেতারাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। প্রায় ১৫-২০ মিনিট এই অবস্থা চলতে থাকে। একপর্যায়ে সাংবাদিক নেতারা প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। এ সময় পুলিশকে খানিকটা নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।
ধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের জন্য এটি একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ জায়গা। এ চত্বরকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যবহার করা অনৈতিক। এর মাধ্যমে ক্লাবের সদস্যদের নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ন হয়। জাতির কাছে নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যাঁরা দলীয় রাজনৈতিক কর্মসূচিতে প্রেসক্লাবকে ব্যবহার করছেন, তাঁরা এর বিরোধীপক্ষকে প্রতিবাদ জানানোর সুযোগ করে দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
এরপর পৌনে একটার দিকে প্রেসক্লাবের ভেতরে ইকবাল সোবহান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদসহ আওয়ামীপন্থী সাংবাদিকেরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। ঠিক তাদের পাশেই সরকারবিরোধী স্লোগানে মুখর ছিল বিএনপিপন্থী সাংবাদিকদের আরেক অংশ। এ সময় ইকবাল সোবহান চৌধুরীর পাশে দাঁড়ানো মফিজুল ইসলামের মাথায় এসে একটি ইটের টুকরো পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের কোষাধ্যক্ষ।
আওয়ামী সমর্থিত সাংবাদিকদের অভিযোগ, বিএনপিপন্থী সাংবাদিকদের ছোড়া ইটের আঘাতে মফিজুল আহত হয়েছেন। সাংবাদিক নামধারী কিছু বহিরাগত প্রেসক্লাবে ঢুকে এ ধরনের নাশকতা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, ‘আমরা বন্ধ গণমাধ্যম খোলার দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। প্রেসক্লাবের ভেতরে নিয়মিত এ ধরনের সমাবেশ হয়। কিন্তু হঠাত্ করে সরকারদলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে ইট-পাটকেলে ছোড়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।’
বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, এখানে আমাদের সঙ্গে সংহিত জানাতে অনেকেই এসেছেন। চিকিত্সক, প্রকোশলীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেনীর মানুষ আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছে। তাঁদেরকে বহিরাগত বলা কতটা সমীচীন আমি জানি না।’ মফিজুল ইসলামের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা নিন্দনীয়। আমরা সাংবাদিকেরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চাই।